বিশ্বব্যাংক চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে যে আভাস দিয়েছে, তা নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি এবার প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
অর্থমন্ত্রী বলেন, প্রতিবছরই বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে এ ধরনের পূর্বাভাস দিয়ে থাকে। সব সময় তাদের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরের শেষ নাগাদ ৭ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়াবে।
সচিবালয়ে নিজ কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত মা মিংগিয়াং, এডিবির পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালক কাজুহিকো কোগোচি এবং মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী গতকাল রোববার সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে—এ কথা জোর দিয়ে বলতে পারছি না। তবে এর কাছাকাছি থাকবে, তা বলতে পারি।’