জিডিপিতে এসএমই খাতের অবদান ৩০ শতাংশ
দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (এসএমই) ৩০ শতাংশ অবদান রাখছে। তাই এসএমই খাতের ওপর বেশি জোর দিতে হবে। তবে তা হতে হবে উদ্যোক্তা, ব্যাংক ও শিল্প খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গতকাল শনিবার ‘এসএমই খাতের উন্নয়ন: কার্যকর এসএমই সংগঠনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। খবর বাসসের।
সেমিনারে বাংলাদেশ ও ভারতের শিল্প খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, দেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রায় ৯৯ শতাংশ গড়ে উঠছে বেসরকারি খাতের উদ্যোগে। এখানকার মোট কর্মসংস্থানের ২৫ শতাংশ হচ্ছে এই খাত থেকে। আর শিল্প খাতের ৮০ শতাংশ কর্মসংস্থান হচ্ছে এসএমই খাতের মাধ্যমে। জিডিপিতে অবদান রাখছে ৩০ শতাংশ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টিগ্রেটেড অ্যাসোসিয়েশন অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অব ইন্ডিয়ার (আইঅ্যাম এসএমই অব ইন্ডিয়া) চেয়ারম্যান রাজীব চাওয়াল। নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ভারতে এ ধরনের সংগঠন তার সদস্যের দক্ষতার ওপর ঋণ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। এতে সেখানকার ক্ষুদ্র ও মাঝারি খাতে খুব একটা খেলাপি হতে দেখা যায় না।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ঢাকায় ভারতীয় দূতাবাসের উপহাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (অ্যামচেম) সভাপতি আফতাবুল ইসলাম, সিরডাপের মহাপরিচালক সিসিপ ইফেনডি, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান, এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
সেমিনার থেকে ভারতের আইএম এসএমইর সঙ্গে বাংলাদেশের ঢাকা চেম্বার, বিডব্লিউসিসিআই ও আইডিইবির একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়।