জিডিপিতে কমছে কৃষির অবদান, বাড়ছে শিল্পের

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় প্রবৃদ্ধিতে (জিডিপি) কৃষির অবদান ধীরে ধীরে কমছে। অপর দিকে শিল্পের অবদান বাড়ছে। আজ রোববার সংসদে প্রশ্নোত্তরপর্বে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
ইসরাফিল আলমের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে কৃষির অবদান ছিল ১৬ দশমকি ৩৩ শতাংশ। এর আগে ২০০৯-১০ অর্থবছরে ছিল ১৮ দশমিক ৩৮, ২০১০-১১ অর্থবছরে ১৮ দশমকি ০১, ২০১১-১২ অর্থবছরে ১৭ দশমিক ৩৮ এবং ২০১২-১৩ অর্থবছরে ছিল ১৬ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে শিল্পের অবদান ২৯ দশমিক ৬১ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে এর হার ছিল ২৬ দশমিক ৭৮ শতাংশ। সেবা খাতের অবদানও কমে এসেছে। ২০০৯-১০ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ছিল ৫৪ দশমিক ৮৩ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে তা কমে এসে তা ৫৪ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে আবদুল মুহিত বলেন, ২০০৮ থেকে এখন পর্যন্ত শুল্ক বিভাগ ২ হাজার ৩৪৪ কেজি স্বর্ণ আটক করেছে। আটক করা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা আছে।
শিরীন আখতারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বাজেট বিনিয়োগবান্ধব। এতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়বে এবং বৈদেশিক ঋণের প্রয়োজনীয়তা কমবে। বর্তমানে বিদেশি সহায়তা জাতীয় আয়ের মাত্র ১ শতাংশ। ১৯৮৮ সালে এর হার ছিল ৭ শতাংশ।
থ্রি-জির গ্রাহক ১ কোটি ১১ লাখ
হোসনে আরা লুৎফার প্রশ্নের জবাবে সংসদ কাজে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সাল পর্যন্ত থ্রি-জির গ্রাহকসংখ্যা ১ কোটি ১১ লাখ ৮৩ হাজার।
তাজুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১০টি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) কোম্পানির কাছে সরকারের বকেয়ার পরিমাণ ৩১ কোটি ৮৭ লাখ টাকা। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।