জিডিপিতে চারটি নতুন সেবা খাত যোগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট দেশজ উৎপাদনের চারটি নতুন সেবা খাত অন্তর্ভুক্ত হচ্ছে। খাতগুলো হলো: ডেকোরেটর সার্ভিস, সিকিউরিটি সার্ভিস বা নিরাপত্তা সেবা, ক্লিনিং সার্ভিস বা পরিচ্ছন্নতা সেবা এবং রিক্রুটিং এজেন্সি সার্ভিস বা জনশক্তি রপ্তানি সেবা।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শিল্প ও শ্রম শাখা আয়োজিত এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ব্যবসা সেবা প্রতিষ্ঠান জরিপ ২০১১-১২-এর মাস্টার ট্রেইনার-কাম-সুপারভাইজিং কর্মকর্তাদের জন্য রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন মিলনায়তনে গত সোমবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। বিবিএসের মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম। এতে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের যুগ্ম সচিব মো. আবদুল জলিল ও বিবিএসের উপমহাপরিচালক মো. মিজানুর রহমান। এ ছাড়া বিবিএসের শিল্প ও শ্রম শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. সামছুল আলম ও উপপরিচালক এ কে এম আশরাফুল হক এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে জানানো হয়, দেশে এই প্রথমবারের মতো শিল্প ও সেবা খাতের জরিপ করা হচ্ছে। জরিপের মূল উদ্দেশ্য হলো, জিডিপিতে নতুন চারটি সেবা খাত থেকে অর্জিত আয়ের পরিমাণ বা অবদান এবং এসব খাতে কর্মসংস্থানের সুযোগ কী হারে বাড়ছে তা নিরূপণ করা।রীতি ইব্রাহীম বলেন, ‘দেশে নতুন নতুন সেবা খাত সৃষ্টি হচ্ছে। এসব সেবা খাত জাতীয় আয়ে কী পরিমাণ অবদান রাখছে তা নিরূপণ করা জরুরি।’ অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের জিডিপিতে সেবা খাতে অবদান ক্রমেই বাড়ছে। বর্তমানে জিডিপির প্রায় ৫০ শতাংশই সেবা খাত থেকে আসে। অন্যদিকে কৃষির অবদান ২০ শতাংশের নিচে নেমে এসেছে।