এক অর্থবছরে দেশে যত কাজ বা সেবা উৎপাদন হয়, এর মাত্র ৪ শতাংশ করে থাকেন পেশাজীবীরা। তাঁরা বছরে ৪১ হাজার ৩৪২ কোটি টাকার সমপরিমাণ আর্থিক মূল্যের কাজ বা সেবা উৎপাদন করেন। এ হিসাবটি ২০১১-১২ অর্থবছরের জিডিপির চলতি মূল্য ধরে নিরূপণ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক নমুনা সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। বিবিএসের পক্ষে এ সমীক্ষাটি করেছে বেসরকারি গবেষণা সংস্থা সমাহার নামের একটি প্রতিষ্ঠান। গতকাল সোমবার এ প্রতিষ্ঠানটি সমীক্ষার প্রাথমিক ফলাফল বিবিএস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বিবিএসের হিসাবে ২০১১-১২ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার ছিল ১০ লাখ ৫৫ হাজার ২০৪ কোটি টাকা। সেই হিসাবে পেশাজীবী শ্রেণির লোকজনের প্রকৃত অবদান বা মূল্য সংযোজন মাত্র ৩ দশমিক ৯১ শতাংশ।
জিডিপিতে পেশাজীবীরা কীভাবে অবদান রাখছেন, এর একটি চিত্র তুলে ধরা যেতে পারে। উদাহরণস্বরূপ, আবদুস সালাম পেশায় ক্ষৌরকর্মী বা সেলুনকর্মী। তিনি পাঁচ বছর ধরে রাজধানীর আশকোনায় মায়ের দোয়া হেয়ার ড্রেসার সেলুন পরিচালনা করছেন। সব খরচ বাদ দিয়ে দৈনিক ৫০০ থেকে ৮০০ টাকা আয় করেন। এই অর্থ তিনি জিডিপিতে যোগ করছেন, এটাই তাঁর অবদান। বাসা ভাড়া দিয়ে এক সন্তান ও স্ত্রীসহ তিনজনের পরিবার নিয়ে কোনো রকমে জীবনযাপন করছেন।
আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘এসব (জিডিপি) বুঝি না। তবে আয় বাড়লে ভালো লাগে।’ মোটা দাগে বলা যায়, সালামের আয় বৃদ্ধি মানেই জিডিপিতে তাঁর অবদান বাড়ছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, সনাতন পদ্ধতিতে এ ধরনের নমুনা সমীক্ষায় পেশাজীবীদের অবদানের প্রকৃত চিত্র উঠে আসে না। কেননা এখন প্রতিনিয়তই নতুন নতুন অনেক পেশা এসেছে। কম্পিউটার মেরামত, মোবাইল ফোন মেরামত, ফ্লেক্সিলোড করেও অনেকে জীবনযাপন করছেন। আর নমুনা সমীক্ষার ফলাফল সারা দেশে প্রতিফলিত করা হয় আদমশুমারির ভিত্তিতে। কিন্তু আদমশুমারি হয় এক দশক পর পর। তাই নতুন পেশাগুলো বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ফলাফল: বিবিএসের সমীক্ষায় দেখা গেছে, তিন শ্রেণির পেশাজীবীর মধ্যে সেবা খাতের কর্মরতরাই জিডিপিতে বেশি অবদান রাখছেন। এ খাতে দরজি, ধোপা, ক্ষৌরকর্মী, মুচিসহ বিভিন্ন পেশায় পাঁচ লাখ ১০ হাজার ১৭ জন কাজ করছেন। ২০১১-১২ অর্থবছরে তাঁরা ২১ হাজার ৮৯২ কোটি টাকার সেবা উৎপাদন করেছেন। এই অর্থই জিডিপিতে তাঁদের অবদান।
আর গৃহস্থালির কাজ করার জন্য গৃহকর্মী, মালী, দারোয়ান নিয়োগ দেন গৃহকর্তা। আবার সন্তানদের পড়াশোনার জন্য গৃহশিক্ষক থাকেন। এ ছাড়া ধনীরা গাড়িচালকও নিয়োগ দেন। এ ধরনের শ্রেণি-পেশার কর্মীর সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজার ৯০২। তাঁরা বছরে ১৭ হাজার ৯১৪ কোটি টাকার কাজ করেছেন। এর মানে, গৃহস্থালির কাজকর্মের জন্য সমপরিমাণ মজুরি পেয়েছেন।
সমীক্ষায় বিশেষায়িত আরেক শ্রেণির পেশাজীবীদের কথা বলা হয়েছে। তাঁরা হলেন গবেষণা, স্থাপত্য, প্রকৌশল, বিজ্ঞাপনী, আইন প্রতিষ্ঠানে কাজ করেন। এসব পেশায় রয়েছেন ২১ হাজার ৪০ জন। বছরে এ খাতের পেশাজীবীরা আর্থিক মূল্যে বছরে এক হাজার ৫৩৫ কোটি টাকার কাজ করেন বা সেবা দেন।
যদিও জিডিপিতে এসব খাতের অবদান স্বীকার করেই গণনা করা হয়। তবে এসব খাতের প্রকৃত মূল্য সংযোজন বা অবদান যাতে আরও নিবিড়ভাবে জিডিপিতে নিরূপিত হয়, সে জন্য বিবিএস পেশাজীবীদের ওপর এ নমুনা সমীক্ষাটি করেছে। সমীক্ষায় সারা দেশের তিন হাজার ১০০ খানা (পরিবার) থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
পরিসংখ্যান ভবনে গতকাল আয়োজিত ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সোরাইয়া বেগম বলেন, এত দিন পেশাজীবীরা জিডিপিতে কতটা অবদান রাখছেন—সেই বিষয়ে তেমন পরিষ্কার চিত্র ছিল না। সমীক্ষাটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে। হয়তো এ সমীক্ষায় ভুলভ্রান্তি ও সীমাবদ্ধতা রয়েছে। তবু এটা নীতিনির্ধারণীতে কাজে লাগবে।
সমীক্ষাটির দলনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক শেখ গিয়াসউদ্দিন বলেন, স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও এ দেশে পেশাজীবীদের অবদান নিয়ে কোনো সমীক্ষা হয়নি। এ সমীক্ষাটি নীতিনির্ধারকদের নীতিনির্ধারণের কাজে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।