জিডিপিতে বিদেশি বিনিয়োগের অবদান কমবে: উন্নয়ন অন্বেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগপ্রবাহে অসামঞ্জস্য লক্ষ করা যায়। ২০০৩-০৪ অর্থবছরের তুলনায় ২০০৪-০৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগের প্রবাহ ১৮২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছিল। পরের তিন অর্থবছরে এ প্রবাহ কমে গেছে। ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে ৯৬ কোটি ৬০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এলেও পরের বছর তা আবার কমে যায়। আর ২০১০-১১ অর্থবছরে এর পরিমাণ ছিল ৭৭ কোটি ৯০ লাখ ডলার। সর্বশেষ চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৪৩ কোটি ১০ লাখ ডলারের, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় নয় কোটি ডলার বেশি ।বিদেশি বিনিয়োগের এ ধারা অব্যাহত থাকলে ২০১১-১২ অর্থবছরের শেষ নাগাদ মোট ৮০ কোটি ৬৫ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসতে পারে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকালপ্রকাশিত এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রকৃত প্রবাহ অসন্তোষজনক। সরকারি পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরে জিডিপিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অবদান ছিল শতকরা দশমিক ৭০ শতাংশ, যা আগের অর্থবছরের তুলনায় দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম। মূলত ২০০৪-০৫ অর্থবছরের পর থেকে জিডিপিতে বিদেশি বিনিয়োগের অংশ শতকরা হারে কমছে। ২০০৪-০৫ অর্থবছরে জিডিপিতে বিদেশি বিনিয়োগের অবদান ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। এরপর থেকে ২০০৮-০৯ অর্থবছর ছাড়া প্রতিটি অর্থবছরে জিডিপিতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ধীরে ধীরে কমেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১৪-১৫ অর্থবছরে এসে জিডিপিতে এর অবদান কমে হতে পারে মাত্র দশমিক ৬৬ শতাংশ।উন্নয়ন অন্বেষণ আরও বলেছে, প্রক্ষেপণ অনুযায়ী, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী বছরগুলোয় মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অবদান কমে যেতে পারে। ফলে, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর প্রাক্কলিত লক্ষ্যমাত্রা এবং প্রকৃত প্রবাহের মধ্যে ব্যবধান বেড়ে যেতে পারে।বিগত পাঁচ বছরের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে গবেষণা প্রতিষ্ঠানটি দেখিয়েছে, মোট বিনিয়োগের ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের অংশ পরিমাণগতভাবে ভবিষ্যতে আরও কমতে পারে। প্রধানত ২০০৮-০৯ অর্থবছর থেকে প্রকৃত মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি এবং লক্ষ্যমাত্রার মধ্যে ব্যবধান ক্রমাগত বাড়ছে এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রবাহ কমে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করলেও বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রবাহ তুলনামূলক কম।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, মোট বিনিয়োগে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অবদান ক্রমেই হ্রাস পাচ্ছে। ১৯৯৭-৯৮ অর্থবছরে দেশের মোট বিনিয়োগে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অংশ ছিল ৭ দশমিক ৩২ শতাংশ, যা সামপ্রতিক কালের মধ্যে সর্বোচ্চ। কিন্তু ২০০৪-০৫ অর্থবছরের পর থেকে তা কমতে শুরু করেছে। ২০১০-১১ অর্থবছরে এ হার কমে দাঁড়ায় ২ দশমিক ৮৫ শতাংশ। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১৪-১৫ অর্থবছরে মোট বিনিয়োগে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের অংশ দাঁড়াতে পারে ৩ শতাংশ। উন্নয়ন অন্বেষণ আরও বলছে, প্রকৃত বিনিয়োগপ্রবাহ এবং মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগপ্রবাহের মধ্যে ক্রমবর্ধমান পার্থক্য সামনের বছরগুলোয় আরও বাড়তে পারে। মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রায় ২০১০-১১ অর্থবছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল দুই লাখ পাঁচ হাজার ৯৯৬ কোটি টাকা। বাস্তবে বিনিয়োগ হয়েছে এক লাখ ৯৪ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ সরকারের লক্ষ্যমাত্রা ও প্রকৃত বিনিয়োগের মধ্যে ব্যবধান ছিল ১১ হাজার ২১০ কোটি টাকা, যা চলতি অর্থবছরে বেড়ে ৪২ হাজার ৯৫৭ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে এক লাখ ৬৬ হাজার ৭২৯ কোটি টাকা হতে পারে।