জিডিপিতে বিনিয়োগের অংশ সামান্য কমেছে
মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিনিয়োগের অংশীদারি আরেকটু কমে গেছে। চলতি ২০০৯-১০ অর্থবছরের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপির যে প্রাক্কলন করেছে, তার ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে।এতে দেখা যায় যে চলতি অর্থবছরে জিডিপির মোট ২৪ দশমিক ৩৫ শতাংশ অর্থমূল্যে যার পরিমাণ এক লাখ ৬৮ হাজার ২০০ কোটি টাকা।গত ২০০৮-০৯ অর্থবছরে জিডিপির ২৪ দশমিক ৩৭ শতাংশ ছিল মোট বিনিয়োগ। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে পরিস্থিতির কোনোই উন্নতি হয়নি বরং সামান্য অবনতি হয়েছে। চলতি বছর প্রাক্কলিত মোট বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় খাতের অবদান ধরা হয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। যেখানে ব্যক্তি খাতের অবদান ১৯ দশমিক ৭৪ শতাংশ। আর গত অর্থবছরে জিডিপিতে রাষ্ট্রীয় ও ব্যক্তি খাতের বিনিয়োগের অবদান ছিল যথাক্রমে ৪ দশমিক ৭০ শতাংশ ও ১৯ দশমিক ৬৭ শতাংশ। তার মানে, ব্যক্তি খাতের বিনিয়োগ সামান্য বাড়লেও রাষ্ট্রীয় বিনিয়োগ সামান্য কমে গেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) চলতি ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির যে পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে, তাতেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, জিডিপিতে বিনিয়োগের অংশ ক্রমাগতহারে কমে যাওয়ার বিষয়টি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে, রাষ্ট্রীয় খাতের বিনিয়োগ কমে যাওয়া উদ্বেগের বড় কারণ।এতে আরও বলা হয়েছে, ২০০৪-০৫ অর্থবছরে যেখানে জিডিপিতে রাষ্ট্রীয় বিনিয়োগের হার ছিল ৬ দশমিক ২০ শতাংশ সেখানে ২০০৯-১০ অর্থবছরে তা নেমে এসেছে চার দশমিক ৬২ শতাংশে।বিনিয়োগের দক্ষতার বিষয়টি মূলধন-উৎপাদন অনুপাতের ভিত্তিতে পর্যালোচনা করা যায়। সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরের ক্রমবর্ধমান মূলধন-উৎপাদন অনুপাত ছিল ৩ দশমিক ৭২ শতাংশ যেখানে ২০০৯-১০ অর্থবছরে এই অনুপাত বেড়ে হয়েছে ৪ দশমিক ৪০ শতাংশ।অর্থনীতির সূত্র মেনেই জিডিপিতে বিনিয়োগের হার বর্তমানের ২৪ শতাংশ থেকে বাড়াতে হবে উল্লেখযোগ্য হারে। গত কয়েক বছর ধরেই মোট বিনিয়োগের হার জিডিপির ২৪ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে। এর মধ্যে রাষ্ট্রীয় বিনিয়োগের অংশ আবার এক-পঞ্চমাংশ। বাকি চার-পঞ্চমাংশই বেসরকারি বিনিয়োগ। এ থেকে বোঝা যায়, বিনিয়োগের চাহিদাও মূলত পূরণ করছে ব্যক্তি খাত।২০১৪ সাল নাগাদ প্রবৃদ্ধিকে আট শতাংশে উন্নীত করতে হলে মোট বিনিয়োগ যে জিডিপির ৩৬ শতাংশে উন্নীত করতে হবে, তা অর্থমন্ত্রী নিজেই বলেছেন। তার মানে, জিডিপিতে বিনিয়োগের বর্তমান হারের সঙ্গে যোগ করতে হবে আরও ১২ শতাংশ। এর মধ্যে রাষ্ট্রীয় বিনিয়োগ চার শতাংশ ও বেসরকারি বিনিয়োগ আট শতাংশ হবে—এমনটাই হিসাব করা হয়েছে।