জিডিপিতে শিল্পের অবদান বেড়ে ৩ গুণ

  • দেশের বড় শিল্পকারখানা ২ হাজার ৮৫৬টি।

  • মাঝারি শিল্পের সংখ্যা ৩ হাজার ১৭৮।

  • ক্ষুদ্র শিল্পকারখানা রয়েছে ২৩ হাজার ৩০৬টি।

  • অতি ক্ষুদ্র শিল্পের সংখ্যা ১৬ হাজার ৭৭০টি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদনশিল্পের ৫৫ শতাংশ কারখানা এখন পর্যন্ত আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ পেয়েছে। এর বাইরে ৪৫ শতাংশ শিল্পকারখানা ঋণসুবিধার বাইরে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সরকারি সংস্থাটি বলছে, ঋণ পাওয়ার ক্ষেত্রে বড় শিল্পকারখানাগুলোর আধিপত্য বেশি। ক্ষুদ্র শিল্পের মালিকেরা ঋণের জন্য ছোটাছুটি করলেও তাঁরা ঋণ পান না।

‘সার্ভে অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি’ শিরোনামের জরিপের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ—এ চার শ্রেণিতে দেশে এখন উৎপাদন শিল্পকারখানার সংখ্যা ৪৬ হাজার ১১০। এর মধ্যে বড় শিল্পকারখানা ২ হাজার ৮৫৬টি, মাঝারি শিল্পের সংখ্যা ৩ হাজার ১৭৮টি, ক্ষুদ্র শিল্প ২৩ হাজার ৩০৬টি আর অতিক্ষুদ্র শিল্পের সংখ্যা ১৬ হাজার ৭৭০। বড় শিল্পকারখানার ৭২ শতাংশই কোনো না কোনো আর্থিক খাতের প্রতিষ্ঠান থেকে ঋণ পেয়েছে। আর মাঝারি শিল্পের ৬২ শতাংশ কারখানা আর্থিক খাতের প্রতিষ্ঠান থেকে ঋণ পেয়েছে। ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মাত্র ৪৮ শতাংশ প্রতিষ্ঠান আর্থিক খাত থেকে ঋণসুবিধা পেয়েছে। অর্থাৎ ক্ষুদ্র শিল্পের ৫২ শতাংশ প্রতিষ্ঠানই ঋণসুবিধা পাননি।

আর্থিক খাত থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে ক্ষুদ্র শিল্পকারখানাগুলো। ঋণ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে বড় শিল্পকারখানা।

করোনার সময় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বড় শিল্প উদ্যোক্তারা বেশি পেয়েছেন, ছোট উদ্যোক্তারা খুব বেশি ঋণ পাননি—এ অভিযোগ ব্যবসায়ী মহলেরই। এমনকি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও এ অভিযোগ করেছে বিভিন্ন সভা-সেমিনারে। প্রণোদনা প্যাকেজের বাইরেও নিয়মিত ঋণ পাওয়ার ক্ষেত্রেও ছোট কারখানার মালিকেরা পিছিয়ে আছেন বলে বিবিএসের জরিপে উঠে এসেছে।

বিবিএস বলছে, জিডিপিতে উৎপাদন খাত বড় ধরনের ভূমিকা রাখছে। এ খাত থেকে ২০১৮-১৯ অর্থবছরে জিডিপিতে (স্থির মূল্যে) ৪ লাখ ৫৩ হাজার ৪৯২ কোটি টাকা যোগ হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ—এ চার শ্রেণিতে উৎপাদন খাতে এখন মোট কর্মী আছেন ৫৪ লাখ ৬৫ হাজার ১৬২ জন। ২০১০-১১ অর্থবছরে উৎপাদনশিল্পের সঙ্গে জড়িত ছিলেন ৫০ লাখ ১৫ হাজার ৯৩৬ জন। সেই হিসাবে সাত বছরের ব্যবধানে এ খাতে কর্মসংস্থান বেড়েছে চার লাখ মানুষের।

সাত বছরের ব্যবধানে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে উৎপাদন খাতের অবদানও প্রায় তিন গুণ বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে জিডিপিতে উৎপাদন খাতের অবদান ছিল ১ লাখ ৫৬ হাজার ২৯৪ কোটি টাকা। সেটি ২০১৮-১৯ অর্থবছরে বেড়ে হয়েছে ৪ লাখ ৫৩ হাজার কোটি টাকার বেশি। বিবিএসের কর্মকর্তারা বলছেন, উৎপাদন খাত এখন জিডিপি প্রবৃদ্ধির প্রধান হাতিয়ার। কলকারখানা থেকে যত পণ্য উৎপাদিত হয়ে মূল্য সংযোজন হয়, তা জিডিপিতে যুক্ত হয়। জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা ছাড়িয়ে এখন জেলা শহরগুলোতে অল্প পুঁজিতে ছোট ছোট কারখানা গড়ে উঠছে। সেখান থেকে পণ্য উৎপাদন হচ্ছে। মাঝারি থেকে বড় শিল্পকারখানার সংখ্যাও দিন দিন বাড়ছে। গত ৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি এ এক মাসে শুধু গাজীপুর জেলায় নতুন করে ৫৭টি শিল্পকারখানা গড়ে উঠেছে।

গত ২০১৮-১৯ অর্থবছরের তথ্য–উপাত্তের ভিত্তিতে এ জরিপ করেছে বিবিএস। বিবিএস বলছে, দৈবচয়নের ভিত্তিতে দেশের ৮ হাজার ৫৩৩ শিল্পকারখানার ওপর জরিপটি পরিচালনা করা হয়েছে। ২০২০ সালে জরিপের তথ্য সংগ্রহ করা হয়। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ জরিপের ফল প্রকাশ করে বিবিএস।

শিল্পকারখানার বিভিন্ন বিষয় জরিপে উঠে এসেছে। তার মধ্যে একটি বিষয় ছিল শিল্পবর্জ্য। জরিপে পাওয়া বিবিএসের তথ্য অনুযায়ী, বড় শিল্পকারখানার মধ্যে ৭০ শতাংশের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। তার বিপরীতে ক্ষুদ্র বা ছোট কারখানার ক্ষেত্রে বর্জ্যব্যবস্থাপনা সুবিধা রয়েছে মাত্র ৩০ শতাংশ কারখানায়।

বিবিএসের জরিপ অনুযায়ী, উল্লেখিত চারটি শ্রেণির শিল্পকারখানার মোট স্থায়ী সম্পদের পরিমাণ ২ লাখ ৪৪ হাজার ৯০৪ কোটি টাকার। এর মধ্যে বড় শিল্পকারখানার স্থায়ী সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি। এসব শিল্পের স্থায়ী সম্পদ রয়েছে ১ লাখ ৭২ হাজার কোটি টাকার। মাঝারি শিল্পকারখানার স্থায়ী সম্পদের পরিমাণ ৩০ হাজার ২৩৬ কোটি টাকার। আর ক্ষুদ্র শিল্পকারখানাগুলোর সম্মিলিত স্থায়ী সম্পদের পরিমাণ ৩৩ হাজার ৬০৫ কোটি টাকার। আর অতি ক্ষুদ্র শিল্পকারখানার স্থায়ী সম্পদের পরিমাণ ৮৮৫ কোটি টাকার। বিবিএস বলছে, শিল্পকারখানার স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে উৎপাদনকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, ভূমি, ভূমি উন্নয়ন, কারখানা স্থাপনের জন্য ভবন, যানবাহন ও অন্যান্য ভৌত অবকাঠামো। স্থায়ী সম্পদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যন্ত্রপাতি। এরপর আছে কারখানা ও আবাসিক ভবনের জন্য নির্মিত ভবন এবং জমি।

জরিপে আরও বেরিয়ে এসেছে, উৎপাদন খাত থেকে ২০১৮-১৯ অর্থবছরে করপোরেট কর দেওয়া হয়েছে ৩ হাজার ৫১ কোটি টাকা। যার মধ্যে বৃহৎ শিল্পকারখানাগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে ২ হাজার ২৭৫ কোটি টাকা। এ ছাড়া ক্ষুদ্র শিল্প থেকে ৫৪ কোটি টাকা এবং মাঝারি শিল্প থেকে ২২ কোটি টাকা করপোরেট কর পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে একই অর্থবছরে বড়, মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র মিলিয়ে চারটি উৎপাদন খাত থেকে পরোক্ষ কর দেওয়া হয়েছে ২৮ হাজার ২৭০ কোটি টাকা। তার মধ্যে বৃহৎ শিল্প থেকে সবচেয়ে বেশি পরোক্ষ কর দেওয়া হয়েছে। ওই অর্থবছরে বড় বা বৃহৎ শিল্প খাত থেকে পরোক্ষ কর আদায় করা হয় ২৫ হাজার ৩২৮ কোটি টাকা। মাঝারি শিল্প থেকে আদায় করা হয়েছে ১ হাজার ৪৬ কোটি টাকা। আর ক্ষুদ্র শিল্প থেকে ১ হাজার ৮৩৪ কোটি টাকা।

কাঁচামালের উৎস কোথায়

উৎপাদন শিল্পকারখানাগুলোতে উৎপাদন কাজে নানা ধরনের কাঁচামালের দরকার হয়। জরিপকালে তাই শিল্প উদ্যোক্তাদের কাছে জানতে চাওয়া হয়, শিল্পের কাঁচামালের প্রধান উৎস কোথায়। জবাবে অতিক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দেশজ কাঁচামাল সবচেয়ে বেশি ব্যবহার করেন। এ খাতের ৯৩ শতাংশ প্রতিষ্ঠান দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে। আর ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩ শতাংশ দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে। এ ছাড়া মাঝারি শিল্পের ৬৩ শতাংশ ও বড় শিল্পের ৪৪ শতাংশ প্রতিষ্ঠান দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে থাকে।