জিডিপির নতুন ভিত্তিবছর হচ্ছে
মোট দেশজ উৎপাদন (জিডিপি) গণনায় নতুন ভিত্তিবছর হচ্ছে। নতুন ভিত্তিবছর ধরা হবে ২০১৫-১৬। বর্তমানে ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে জিডিপি গণনা করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নতুন ভিত্তিবছর তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্রে জানা গেছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের সাময়িক জিডিপির হিসাব নতুন ভিত্তিবছরে হবে। এ ছাড়া সদ্যবিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের চূড়ান্ত হিসাবও হবে।
জিডিপির ভিত্তিবছর দিয়ে মূলত অর্থনীতিতে যে বিভিন্ন খাতের মূল্য সংযোজন হয়, সেগুলোকে তুলে আনা হয়। ভিত্তিবছর পরিবর্তন করলে অর্থনীতিতে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে এমন অনেক খাত বাদ পড়ে। আবার অনেক উদীয়মান খাত যুক্ত হয়।
ইতিমধ্যে জিডিপির ভিত্তিবছর নির্ধারণে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিবিএসের পরিচালকÜ(জাতীয় আয় শাখা) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক কার্যক্রম যাতে জিডিপিতে সঠিকভাবে উঠে আসে, সে জন্য নতুন ভিত্তিবছর তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিবিএস। আগের চেয়ে বেশি উৎপাদন হয়, এমন উদীয়মান খাতগুলো থাকবে।
এ ছাড়া উৎপাদন ও সেবার মূল্য সংযোজন পরিস্থিতি হালনাগাদ করতে বিবিএস ২১টি নতুন ও পুরোনো খাতের ওপর জরিপ করবে। ওই সব জরিপের ওপর ভিত্তি করেই নতুন ভিত্তিবছর হবে। উদাহরণ দিয়ে বলা যায়, নাটক, সিনেমা, গান ও প্রকাশনা শিল্পের অবদান অর্থনীতিতে কত, তা এত দিন অজানা ছিল। সম্প্রতি বিবিএস এ বিষয়ে জরিপ করেছে। ২০১৩-১৪ অর্থবছরে ১১৭ কোটি টাকার সমপরিমাণ অর্থ অর্থনীতিতে সংযোজন করেছে এ চারটি খাত। এখন এসব খাতের অবদানও জিডিপির নতুন ভিত্তিবছরে যুক্ত হবে।
এভাবে নতুন ও পুরোনো ২১ খাতের ওপর জরিপ হবে। এসব জরিপের মাধ্যমে কৃষি, বড় শিল্পপ্রতিষ্ঠান, ছোট শিল্পপ্রতিষ্ঠান, জাহাজ নির্মাণশিল্প, হাসপাতাল-ক্লিনিক, পরিবহন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের উৎপাদন ও সেবার মূল্য সংযোজনের পরিমাণ নতুন করে হালনাগাদ করা হবে।
সাধারণত নতুন ভিত্তিবছর হওয়ার পর তা ধরে আগের কয়েক অর্থবছরের জিডিপি আকার ও প্রবৃদ্ধি পুনরায় গণনা করা হয়। এতে অর্থনীতিতে গতিময় বেশ কিছু খাত যুক্ত হওয়ায় অনেক সময় জিডিপি প্রবৃদ্ধি বেড়ে যেতে পারে।