জিডিপির লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং মনে করছে ডিসিসিআই
চলতি অর্থবছরে সরকারের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) লক্ষ্য ৭ দশমিক ২ ধার্য করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির বিবেচনায় এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক চাহিদা কম থাকায় শিল্প খাতের প্রবৃদ্ধি কম হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইউটিলিটির অভাবে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধিও হ্রাস পেতে পারে। তা ছাড়া দেশে বিনিয়োগের পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় এই অর্থবছরে প্রাক্কলিত জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জন করা খুবই চ্যালেঞ্জিং হবে। এ পরিস্থিতিতে দেশে সার্বিক অর্থনৈতিক ভারসাম্য ও গতিশীল ব্যবসা বজায় রাখা খুবই জরুরি বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ শনিবার দুপুরে ডিসিসিআইয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংস্থাটির সভাপতি মো. সবুর খানের বক্তব্যে এসব বিষয় উঠে আসে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন, ব্যবসায়িক ব্যয় হ্রাস, বিদ্যুত্ ও জ্বালানি সমস্যার সমাধান, শেয়ারবাজারের উন্নয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা অব্যাহত রাখাসহ বেশ কিছু বিষয় উঠে আসে তাঁর বক্তব্যে।লিখিত বক্তব্যে সবুর খান বলেন, এক দিনের হরতালের দেশে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়। আর ১৫ দিনের হরতালে যে ক্ষতি হয় তা দিয়ে একটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। ডিসিসিআইয়ের সাম্প্রতিক এক গবেষণায় এ বিষয়টি লক্ষ করা গেছে। তিনি বলেন, রাজনীতি ও অর্থনীতি একে অপরের পরিপূরক। একটি দেশের সুষম উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। দেশের জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য এটা একান্ত প্রয়োজন। তাই ব্যবসা-বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে বেসরকারি খাতের পক্ষ থেকে সরকারি ও বিরোধী দলকে রাজনীতি করার জন্য রাজপথে না আসার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে প্রয়োজনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঢাকার বাইরে অথবা ঢাকার ভেতরে আলাদা খোলা জায়গা চিহ্নিত করারও প্রস্তাব করেন তিনি।বিদ্যুত্ ও জ্বালানি সমস্যা নিয়ে সবুর খান বলেন, বিদ্যুত্ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত নতুন শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুত্ সংযোগ দেওয়া হচ্ছে না। তার ওপর জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানোয় উত্পাদন ব্যয় বৃদ্ধি পেয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে দেশের পণ্য টিকে থাকতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় নতুন স্থাপিত শিল্প-কারখানায় বিদ্যুত্ ও গ্যাসের সংযোগ দেওয়ার দাবি জানান তিনি।যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা অব্যাহত রাখারও দাবি জানান সবুর খান। তিনি বলেন, এ সুবিধা বজায় রাখতে সরকারিভাবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ছাড়া শেয়ারবাজারের উন্নয়নে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর মুনাফার ওপর আরোপিত কর হ্রাস করা প্রয়োজন বলে মনে করেন তিনি। একই সঙ্গে ব্যাংক আমানতের ওপর সুদ হার কমিয়ে জনগণকে শেয়ারবাজারে বিনিয়োগে আকৃষ্ট করার ব্যাপারে মত দেন তিনি।দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেক ক্লিয়ারিংয়ের ওপর চার্জ এবং অন্যান্য অযৌক্তিক সার্ভিস চার্জ প্রত্যাহারের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। এরই মধ্যে বিষয়টি লিখিতভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানো হয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি নেসার মাকসুদ খান, সহসভাপতি আবসার করিম চৌধুরী ও নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।