মেট্রো চেম্বারের আলোচনায় মির্জ্জা আজিজুল ইসলাম
জিডিপির লক্ষ্য অর্জনে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে
প্রস্তাবিত বাজেটে মোট দেশ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটে (পিআরআই) ‘বাজেট ২০১৪-১৫: ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনায় আজিজুল ইসলাম এ মন্তব্য করেন। রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে আজ রোববার এই আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এমসিসিআই সভাপতি রোকেয়া এ. রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর ও এমসিসিআইয়ের সদস্য আদিব এইচ খান।
মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর নজর দিতে হবে। কেননা, গত অর্থবছরে দেশে বেসরকারি বিনিয়োগ অনেক কমে যাওয়ায় জিডিপিতে তার একটা প্রভাব পড়ে।
এ ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে আজিজুল ইসলাম বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর পূর্ব শর্ত হলো, জীবনযাত্রার নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা। তাঁর মতে, গত অর্থবছরের প্রথমার্ধে (জুন থেকে ডিসেম্বর) দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে জীবনযাত্রা বিঘ্নিত হয়। এতে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যায়। তবে দ্বিতীয়ার্ধে অর্থাত্ গত জানুয়ারি থেকে রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ায় স্থিতিশীলতা ফিরে এসেছে। সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখা দরকার। এতে উদ্যোক্তারা বিনিয়োগে আকৃষ্ট হবেন বলে মনে করেন তিনি।
বেসরকারি খাতে বিনিয়োগ উত্সাহিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ব্যাংকঋণের সুদের হার কমানো, দক্ষ প্রশাসন ও দুর্নীতির মাত্রা কমানোর ওপর জোর দেন এই অর্থনীতিবিদ।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর জিডিপির লক্ষ্যমাত্রা নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত পাচ্ছি। অনেকে বলছেন এটা বাস্তবায়নযোগ্য নয়। এমনকি গতকাল (শনিবার) সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে ‘এটা অর্জন অসম্ভব’। তিনি বলেন, ‘আমরা যেমন বলতে পারি না এটা অর্জন সম্ভব, তেমনি বলতে পারি না এটা অর্জন অসম্ভব। তবে আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখতে পারি।
এম এ মান্নান আরও বলেন, গত অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা কমে যাওয়ার প্রধান কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা। তাঁর মতে অর্থবছরের প্রথম ছয় মাস ‘অর্থনীতির গলা চেপে ধরা হয়েছিল’। তবে বর্তমানে আইনের মধ্যে থেকে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা অবশ্যই ব্যবসাবান্ধব সরকার। দেশে যাতে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই কাজ আমরা করছি।’
আলোচনায় আরও বক্তব্য দেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি আনিস উদ দৌলা, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আনিস এ. খান প্রমুখ।