জিডিপির হার হবে ৬.৮ শতাংশ: এসকাপ
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে মনে করছে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ)।
সংস্থাটি তাদের ‘অর্থনৈতিক ও সামাজিক সমীক্ষায়’ এ প্রাক্কলন করেছে। যদিও সরকার বলছে, এ বছর প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ০৫ শতাংশ।
এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের ২৪টি দেশে আজ বৃহস্পতিবার এসক্যাপের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তাদের মতে, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে আগামী বছর।
প্রতিবেদনে বলা হয়, স্থিতিশীল হারে কর্মসংস্থান বাড়ার কারণে মানুষের খরচের সামর্থ্য বাড়ছে, যা অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে গতি এনে দিচ্ছে। এ ছাড়া সুদের হার ৫০ শতাংশ পয়েন্ট কমানোর ফলে ঋণপ্রবাহ বাড়বে। পাশাপাশি সরকারের ব্যয় বৃদ্ধি প্রবৃদ্ধির ওই হার অর্জনে সহায়তা করবে। অবশ্য মন্দ ঋণ ব্যাংকের ঋণপ্রবাহ বৃদ্ধিতে বাধার তৈরি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।