জিডিপির হিসাবের জন্য নতুন ভিত্তিবছর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভিত্তিবছর ধরে আগামী ২০১১-১২ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করা হবে। প্রান্তিক বা মাসভিত্তিক হিসাবের রেওয়াজ না থাকায় নতুন ভিত্তিবছর চূড়ান্ত করা হলেও এর প্রয়োগের জন্য অপেক্ষায় থাকতে হবে আগামী এপ্রিল-মে মাস পর্যন্ত। আর নতুন ভিত্তিবছর হবে ২০০৫-০৬ সাল। পাশাপাশি জিডিপি নির্ধারণে নির্দিষ্ট ১৫টি খাত পরিবর্তনের কোনো সুযোগ না থাকায় এসব খাতের আওতাভুক্ত করে উপখাতগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে। চলতি জুন মাসেই নতুন ভিত্তিবছরের একটি খসড়া রূপরেখা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই খসড়ার ওপর সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি পক্ষের মতামত নেওয়া হবে। সেই মতামতের ভিত্তিতে রূপরেখা চূড়ান্ত করে কাজ শুরু করা হবে। বিবিএস সূত্রে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে জিডিপি নির্ধারণের ১৫টি খাতে কোনো পরিবর্তন হচ্ছে না। তবে এসব খাতের উপখাতে বেশ পরিবর্তন হবে। কোনো কোনো উপখাত সংযোজিত হবে, আবার কোনোটা বাদ যাবে। বর্তমানে বাংলাদেশের জিডিপি ও প্রবৃদ্ধি নির্ণয়ের জন্য ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর হিসেবে বিবেচনা করা হয়। সাধারণ প্রতি ১০ বছর পর পর জিডিপির ভিত্তিবছর পুনর্নির্ধারণের কথা থাকলেও বাস্তবে তা হয়নি। যেহেতু ১০-১২ বছরে অর্থনীতিতে অনেক পরিবর্তন সাধিত হয়, নতুন খাতের অবদান বাড়ে ও পুরোনো কোনো কোনো খাত অপেক্ষাকৃত অপ্রয়োজনীয় হয়ে পড়ে, সেহেতু এই ভিত্তিবছর পুনর্নির্ধারণ ও খাত পুনর্বিন্যাস জরুরি বিবেচিত হয়।নতুন ভিত্তিবছর নির্ধারণ সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভিত্তিবছর নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন বছরটি ধরা হচ্ছে, তার বিবেচনা। সাধারণত একটি স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এমন বছরকেই ভিত্তিবছর হিসেবে ধরতে হয়। সে হিসাবে ২০০৫-০৬ অর্থবছরটিকে ভিত্তিবছর হিসেবে পছন্দ করা খারাপ হয়নি। কেননা, সে সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিও প্রতিকূলেও ছিল না।’ মির্জ্জা আজিজ আরও বলেন, গত ১৫-১৬ বছর ধরে জিডিপি নির্ধারণে নতুন ভিত্তিবছর হচ্ছে না। তাই নতুন একটি ভিত্তিবছর জরুরি হয়ে পড়েছে। তবে বিবিএস সূত্রে জানা গেছে, যেকোনো দেশের জিডিপি নির্ধারণের ক্ষেত্রে ১৯৯৩ সালের সিস্টেম অব ন্যাশনাল অ্যাকাউন্ট (এসএনএ) অনুযায়ী ১৫টি খাতকে চিহ্নিত করা হয়েছে, যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। জিডিপি নির্ধারণে এটাই আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশও তাই ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর হিসেবে পুনর্নির্ধারণের সময় এই ১৫টি খাতকে নিয়ে জিডিপির হিসাব শুরু করে ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে। এর আগে ১৯৮৪-৮৫ অর্থবছরকে ভিত্তিবছর ধরে ও ১১টি খাত নিয়ে জিডিপি হিসাব করা হতো।বর্তমানে ১৫টি খাত হলো: কৃষি ও বনজ; মৎস্যসম্পদ; খনিজ ও খনন; শিল্প উৎপাদন; বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ; নির্মাণ; পাইকারি ও খুচরা বিপণন; হোটেল ও রেস্তোরাঁ; পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ; আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা; রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা; লোকপ্রশাসন ও প্রতিরক্ষা; শিক্ষা; স্বাস্থ্য ও সামাজিক সেবা; এবং কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। বিবিএস সূত্রে জানা গেছে, এসব খাত সাধারণত পরিবর্তন করা হয় না। তবে দেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উপখাতগুলো পরিবর্তন করা হয়। আর এসব খাত ও উপখাত ধরেই একটি দেশের জিডিপি নির্ধারণ করা হয়। আর কয়েক বছর পর পর ভিত্তিবছর পরিবর্তনের পাশাপাশি উপখাতগুলোর পুনর্বিন্যাস করা হয়। এবার নতুন ভিত্তিবছর ২০০৫-০৬ সাল ধরার পাশাপাশি উপখাতেও বেশ কিছু পরিবর্তন আসবে। পরিবর্তন হতে পারে এমন সম্ভাব্য ২৫টি উপখাতের ওপর জরিপও সম্পন্ন করেছে বিবিএস। নতুন হিসাবে শিল্প উৎপাদন খাতে এবার নিট পোশাক, ওভেন পোশাক, বোতাম ও ওয়াশিং কারখানাগুলো আলাদা করে দেখানো হবে। এত দিন এসব উপখাত আলাদা করে দেখানো হয়নি। গত ১০-১৫ বছরে এসব খাতের ব্যাপক সম্প্রসারণ ও কর্মসংস্থান হয়েছে। আবার শিক্ষা খাতে নতুন করে যোগ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার ও ইংরেজি মাধ্যম স্কুল। গত ১০-১২ বছরে দেশে প্রায় অর্ধশতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় জিডিপিতে অবদান রাখছে। ব্যাংক, বিমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান তথা আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা খাতে এত দিন ধরে শুধু সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বিবেচনা করা হয়। এখন বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা প্রতিষ্ঠানও থাকবে। বেসরকারি আর্থিক খাতে ব্যাপক সম্প্রসারণের এসব উপখাতে হাজার হাজার কর্মসংস্থান হচ্ছে, যা জিডিপিতে যথাযথভাবে যোগ হয় না। সেবা খাতের বেশ বড় পরিবর্তন আসছে। মোবাইল ফোন, কুরিয়ার সার্ভিস, বেসরকারি টিভি চ্যানেল ও প্যাকেজ অনুষ্ঠান নির্মাণের জমজমাট ব্যবসা চলছে দেশে। এসব খাতে কয়েক লাখ কর্মসংস্থান হয়েছে। আর পশ্চাৎপদ খাত রয়েছে বেসরকারি পর্যায়ে টিভি অনুষ্ঠান নির্মাণ-প্রক্রিয়া। এখানেও কর্মসংস্থান হয়েছে। যখন বর্তমান ভিত্তিবছর করা হয়, তখন এই ব্যবসাটি ছিলই না। আবার মোবাইল ফোন কোম্পানিগুলোর কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ে এখন সেবাকেন্দ্র, ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। এতে দেশজুড়েই নতুন কর্মসংস্থান হয়েছে। এসব খাতের উৎপাদনমূল্য এখন জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। স্বাস্থ্যসেবা খাতে নতুন করে সংযোজন হবে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, রোগনির্ণয় কেন্দ্র, চিকিৎসাকেন্দ্র হয়েছে। এতে হাজার চিকিৎসক, সেবিকাসহ নতুন কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় স্বাস্থ্যসেবার উন্নতি হচ্ছে। দেশের উৎপাদন ব্যবস্থায় এর ইতিবাচক প্রভাবগুলো যুক্ত করা হবে। নতুন ভিত্তিবছর নির্ধারণ সম্পর্কে বিবিএসের পরিচালক (জাতীয় হিসাব শাখা) আইনুল কবীর প্রথম আলোকে জানান, বাংলাদেশে প্রান্তিক বা মাসভিত্তিক জিডিপির হিসাব করা হয় না। তাই নতুন ভিত্তিবছরটি কাজে লাগানো হবে মূলত আগামী অর্থবছরের জিডিপির হিসাব নির্ধারণে। চলতি জুন মাসের মধ্যেই জিডিপির নতুন ভিত্তিবছর ও উপখাত পুনর্বিন্যাসের রূপরেখা চূড়ান্ত করা হবে বলে তিনি জানান। এর আগে ২০০৬ সালে জিডিপির নতুন ভিত্তিবছর নির্ধারণ ও খাত পুনর্বিন্যাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য কমিটি কাজ ঠিকমতো শুরু করতে পারেনি। আবার ২০০৭-০৮ অর্থবছর থেকে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়ে। ফলে প্রায় দুই বছর বাংলাদেশের অর্থনীতি স্বাভাবিক গতিতে চলেনি। তাই ভিত্তিবছর নির্ধারণে মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে আনা সম্ভব হয়নি। এসব কারণে নতুন ভিত্তিবছর তৈরির কাজও থমকে ছিল দীর্ঘদিন বলে বিবিএস সূত্রে জানা গেছে।