জিপিএইচ ইস্পাতের লেনদেন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার থেকে জিপিএইচ ইস্পাত নামে নতুন আরেকটি কোম্পানির লেনদেন শুরু হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। কোম্পানিটি দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ৬০ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়াম যুক্ত করে জিপিএইচ ইস্পাতের প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য ধরা হয় ৩০ টাকা। এই কোম্পানির প্রতিটি মার্কেট লটে বা বাজারগুচ্ছে রয়েছে ৫০০টি শেয়ার। এমএস রড ও এমএস বিলেট উৎপাদনকারী এই কোম্পানির পরিশোধিত মূলধন ৭০ কোটি টাকা। আইপিওর টাকা (প্রিমিয়াম বাদে) উত্তোলনের পর যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ কোটি টাকায়। কোম্পানিটি ২০০৮ সালে বাণিজ্যিকভাবে উৎপাদনকার্যক্রম শুরু করে। ২০১১ সালের এপ্রিলে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে তিন টাকা ৬৬ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দেখানো হয় ১২ টাকা ২৩ পয়সা।