চট্টগ্রামভিত্তিক জিপিএইচ ইস্পাতকে ১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে দেশের ১২টি ব্যাংক। সিন্ডিকেট ঋণের আওতায় ১২ ব্যাংক মিলে এ ঋণ সুবিধা দিচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। গতকাল রাজধানীর একটি হোটেলে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, জিপিএইচ ইস্পাত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর কারখানা সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্প বাস্তবায়নের জন্যই এ ঋণ নেওয়া হচ্ছে। নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে তাতে ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। ইউসিবি ছাড়াও অর্থায়নকারী অন্য ব্যাংকগুলো হলো এবি ব্যাংক, বেসিক, যমুনা, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, ওয়ান, প্রিমিয়ার, পূবালী, সাউথইস্ট, দি সিটি ও ট্রাস্ট ব্যাংক।
বিজ্ঞপ্তি