জিবিবি পাওয়ারের আইপিও অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮২ কোটি টাকার শেয়ার ছাড়বে জিবিবি পাওয়ার লিমিটেড। আজ মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় প্রতিষ্ঠানটির আইপিও অনুমোদন করা হয়।এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, জিবিবি পাওয়ার লিমিটেড পুঁজিবাজারে দুই কোটি পাঁচ লাখ শেয়ার ছাড়বে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৩০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করবে।প্রসপেক্টাসে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৮৩ পয়সা দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইডিএলসি ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।