জিম্যাটের ৬০ বছর
ব্যবসায় উচ্চতর শিক্ষার জন্য আন্তর্জাতিক যোগ্যতা যাচাই পরীক্ষা হিসেবে খ্যাত জিম্যাট (গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট বা জিএমএটি) এ বছর ফেব্রুয়ারি মাসে ৬০ বছরে পদার্পণ করেছে।
১৯৫৪ সালের ৬ ফেব্রুয়ারি জিম্যাটের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষায় ১০০টির বেশি স্থানে মাত্র এক হাজার ২৯১ জন্য ছাত্র অংশ নিয়েছিলেন। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোয় প্রধানত ব্যবসায় অধ্যয়নে উচ্চতর ডিগ্রি (মাস্টার্স ও পিএইচডি) প্রদানের জন্য ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে জিম্যাট পরীক্ষার নম্বরকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করে। জিম্যাট ছাড়া কোনো আবেদন বিবেচনা করা হয় না।
বর্তমানে জিম্যাট পরীক্ষা কম্পিউটারভিত্তিক, যেখানে মূলত ইংরেজি ও গণিতে পরীক্ষার্থীর বিশ্লেষণাত্মক, যুক্তিগত ও পরিমাণগত দক্ষতা যাচাই করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল (জিএমএসি) সারা বিশ্বে এই পরীক্ষা পরিচালনা করে। বিশ্বের ১১৩ দেশে প্রায় ৬০০ পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র ও কানাডা দীর্ঘ সময়ে জিম্যাট পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তদারক করলেও সম্প্রতি সময়ে এই কাতারে যুক্ত হয়েছে লন্ডন, প্যারিস ও নয়াদিল্লি।
যুক্তরাষ্ট্রের নয়টি বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাপদ্ধতি উদ্ভাবন করেছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো: কলম্বিয়া, হার্ভার্ড, নর্থ ওয়েস্টার্ন, রুটযারস, সেটন হল, শিকাগো, মিশিগান, পেনসিলভানিয়া ও ওয়াশিংটন ইউনিভার্সিটি (সেন্ট লুইস)।
সূত্র: বিজনেস লাইন।