জিলবাংলা ও শ্যামপুর নিয়ে তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বাজে কোম্পানি হিসেবে পরিচিত সরকারি জিলবাংলা ও শ্যামপুর সুগার মিলসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছে। একই সঙ্গে প্রান্তিক ঋণ বা মার্জিন লোন-সুবিধার বাইরে থাকা সিকিউরিটিজের একটি তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রতিষ্ঠান শ্যামপুর ও জিলবাংলা সুগারের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তাতে মাত্র ২ মাসে ৩২ টাকার জিলবাংলার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২০৬ টাকা। এ ক্ষেত্রে দুই মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় সাড়ে ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। আর অপর কোম্পানি শ্যামপুর সুগার মিলসের শেয়ারের দাম একই সময়ে ২৪ টাকা থেকে ৩ গুণের বেশি বেড়ে হয়েছে ৭৫ টাকা। বাজারে কোম্পানি দুটি নিয়ে রয়েছে নানা গুজব। যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, মূল্য বৃদ্ধি পাওয়ার মতো এ রকম কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের হাতে নেই।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বিএসইসির পক্ষ থেকে কোম্পানি দুটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখে ২০ কার্যদিবসের মধ্যে কমিশনের প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে নন মার্জিনেবল বা ঋণ অযোগ্য সিকিউরিটিজের একটি তালিকা তৈরি করে তা প্রতিদিন ডিএসইর ওয়েবসাইটে প্রচারেরও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিনিয়োগকারীর ঋণ হিসাবে যাতে কোনোভাবেই ঋণ অযোগ্য শেয়ার কেনা না হয়, সে বিষয় কঠোরভাবে পরিপালনের তাগিদ দেওয়া হয়েছে।

বাজার পরিস্থিতি

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে গতকাল সূচক ও লেনদেন বেড়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে। গত ১০ মাসের ব্যবধানে এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৭ অক্টোবর ডিএসইএক্স সূচকটি ৪ হাজার ৮৯৪ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল। গতকাল দিনের শুরুটা হয়েছিল সূচকের বড় উত্থান দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত শুরুর সেই ধারা আর বজায় ছিল না। ফলে দিন শেষ হয় ডিএসইএক্স সূচকের ৬ পয়েন্টের উত্থান দিয়ে। তবে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। গত ১৭ আগস্টের পর গতকালই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৬৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৬০ কোটি টাকা বেশি।

চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটি গতকাল দিন শেষে ৩৫ পয়েন্ট বেড়েছে। আর দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।

এদিকে ঢাকার বাজারে গতকালও লেনদেনে আধিপত্য ছিল বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা ও বেক্সিমকো লিমিটেডের। ডিএসইতে গতকাল এ দুই কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২১৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৮ শতাংশ। ঢাকার বাজারে গতকাল এককভাবে বেক্সিমকো ফার্মার ১৪০ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর বেক্সিমকো লিমিটেডের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৫ কোটি টাকা।