জিসিএমের ব্যবস্থাপনায় রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পের কয়লা উত্তোলন এবং সেখানে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের উদ্যোক্তা বিতর্কিত ব্রিটিশ কোম্পানি জিসিএমের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন মাইকেল ভি মুন ট্যাং। তিনি জিসিএমের প্রধান বিনিয়োগকারী পোলো রিসোর্সেস লিমিটেডের কো-চেয়ারম্যান।গ্লোবাল কোল ম্যানেজমেন্টের (জিসিএম) পক্ষ থেকে বুধবার লন্ডনে এক ঘোষণায় এসব তথ্য দেওয়া হয়। এ ছাড়া কোম্পানির ব্যবস্থাপনায় আরও কয়েকটি বড় ধরনের পরিবর্তনের বিস্তারিত প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে জিসিএমের চেয়ারম্যান জেরার্ড হোল্ডেন, প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি লি, স্টিফেন ড্যাটেলস এবং গ্রেক জেমস পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে সিইও গ্যারি লি অবশ্য একই সঙ্গে জিসিএমের চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব নিয়েছেন।মালয়েশীয় নাগরিক মাইকেল ট্যাং নতুন দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে বলেছেন, ফুলবাড়ী কয়লা প্রকল্পের ৫৭ কোটি ২০ লাখ টন বিশ্বমানের কয়লা সম্পদ উত্তোলনের অনুমতি পাওয়ার লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য তিনি আশাবাদী এবং জিসিএমের পরিচালনা পর্ষদে যোগ দিতে পেরে আনন্দিত। এর আগে গত ২১ ফেব্রুয়ারি জিসিএম জানিয়েছিল, ফুলবাড়ী প্রকল্পের অনুমোদন লাভের কাজে সহায়তার জন্য তারা মাইকেল ভি মুন ট্যাংয়ের বিনিয়োগ প্রতিষ্ঠান মেটিজ ক্যাপিটালকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে।চুক্তিটি বহাল থাকবে এক বছর। এ জন্য জিসিএম তার আড়াই লাখ শেয়ার দেবে মেটিজ ক্যাপিটালকে। তবে প্রকল্পের অনুমোদন না হলে এ চুক্তি বাতিল হবে। বুধবারের বিবৃতিতে জিসিএম জানিয়েছে, মেটিজ ক্যাপিটালের সঙ্গে আগের চুক্তিটি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাতিল করা হয়েছে।ফেব্রুয়ারিতে আরেক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছিল, প্রকল্পের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের আলোচনা আবার শুরু হয়েছে। এরপর ১৫ মে জিসিএম জানায়, মাইকেল ট্যাং তাদের প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান পোলো রিসোর্সেসের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর ১৫ জুন কোম্পানিটি জানায়, ফুলবাড়ী প্রকল্প পরিকল্পনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।জিসিএম প্রায় এক দশক ধরে ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পে খননকাজ শুরুর জন্য চূড়ান্ত সরকারি অনুমোদন লাভের চেষ্টা করছে। কোম্পানিটি এর আগে এশিয়া এনার্জি নামে পরিচিত ছিল। তারা ফুলবাড়ী এলাকা এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ে তুমুল বিরোধিতা ও প্রতিকূলতার সম্মুখীন হয়। পরে ২০০৩ সালে এশিয়া এনার্জি জিসিএম লিমিটেডে রূপান্তরিত হয় এবং পরের বছর তা লন্ডন স্টক এক্সচেঞ্জের সহযোগী অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) তালিকাভুক্ত হয়। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রকল্পটিই হচ্ছে জিসিএমের ব্যবসায়িক তৎপরতার মূল ভিত্তি।