সদ্য সমাপ্ত ২০১২ সালে দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৪২ শতাংশ। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দ্রব্যমূল্যবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।ক্যাব বলছে, ভোক্তাদের নিত্যপণ্যের তালিকায় থাকা পণ্যের দাম এবং সেবার গুরুত্বের (ভার) ভিত্তিতে জীবনযাত্রা ব্যয়ের এই হিসাব করা হয়েছে। অবশ্য এর মধ্যে শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয় ধরা হয়নি।বিগত বছরে পণ্য ও সেবার মূল্য প্রায় ১৩ শতাংশ বেড়েছে। ঢাকার ১৫টি বাজারে ১১৫টি খাদ্যপণ্য, ২৩টি নিত্যব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবার তথ্য পর্যালোচনা করে এই হিসাব নির্ণয় করেছে ক্যাব।ক্যাবের তথ্য অনুযায়ী, ২০১১ সালে নিত্যপণ্য ও সেবার মূল্য বেড়েছিল ১২ দশমিক ৭৭ শতাংশ। এর প্রভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। কিন্তু এবার পণ্য ও সেবার মূল্য ১৩ শতাংশ বাড়ার পরও জীবনযাত্রার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ।এর কারণ হিসেবে ক্যাবের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আগে আমরা শুধু পণ্যের দামের বিবেচনায় জীবনযাত্রার ব্যয় নির্ধারণ করতাম। এবার আমরা পণ্যমূল্যের পাশাপাশি এর ভারও বিবেচনায় নিয়েছি। সে কারণে জীবনযাত্রার ব্যয় কমে এসেছে। আগের পদ্ধতিতে করলে জীবনযাত্রার ব্যয় ১২ শতাংশের বেশি হতো।’ক্যাব বলছে, সরকার দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়িয়েছে। এ ক্ষেত্রে অনেক সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটানো হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া। এসব কারণে জীবন চালাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। তাঁদের মধ্যে ধার-কর্জের প্রবণতাও বেড়েছে।ক্যাবের প্রতিবেদন অনুযায়ী, গত বছর বেশি বেড়েছে লবণের দাম, ৫৬ শতাংশ। এ ছাড়া ডিমের দাম ৩৮ শতাংশ, ভোজ্যতেল ১৩ শতাংশ ও ডাল ১০ শতাংশ, আটা-ময়দা ১০ শতাংশ, গুঁড়া দুধ ১০ শতাংশ, তরল দুধ ১১ শতাংশ, খাসির মাংস ২৭ শতাংশ, গরুর মাংস ৯ শতাংশ, মুরগি ২০ শতাংশ, সুগন্ধি চাল ১৮ শতাংশ, তরিতরকারি ১০ শতাংশ, মাছ ৬ শতাংশ ও ফল ৭ শতাংশ বেড়েছে। এ ছাড়া নারকেল তেল ১২ শতাংশ, চা ৬ শতাংশ, পান-সুপারির দাম ৫৪ শতাংশ বেড়েছে। শাড়ির দাম ৭ শতাংশ, গেঞ্জি-গামছা-তোয়ালের দাম ৭ শতাংশ বেড়েছে।ক্যাব বলছে, এক বছরে বিদ্যুতের দাম ৩১ শতাংশ, জ্বালানি তেল ২৫ শতাংশ, সিএনজির দাম ৭০ শতাংশ এবং ওয়াসার পানির দাম প্রতি হাজার লিটারে ৫ শতাংশ বাড়িয়েছে সরকার।ক্যাবের প্রতিবেদন অনুযায়ী, গত বছর সরকারি হিসাবে প্রতি কিলোমিটারে বাস ভাড়া পাঁচ পয়সা বাড়ানো হলেও পরিবহনমালিকেরা নিচ্ছেন এর কয়েক গুণ। সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিচালকেরা সরকারনির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছেন না।ক্যাব বলছে, ২০১২ সালে বাড়িভাড়া বেড়েছে ১০ শতাংশ। বাড়িভাড়া বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান আইনকানুনের কোনো তোয়াক্কাই করেন না বাড়িওয়ালারা। এ কারণে শহর থেকে অনেক পরিবারই উপশহরে সরে যেতে বাধ্য হচ্ছে।প্রতিবেদনে ক্যাব বাজারের সিন্ডিকেট রোধে প্রতিযোগিতামূলক আইনের যথাযথ প্রয়োগ, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় মূল্য কমিশন গঠন করা, টিসিবিকে কার্যকর করা, পণ্যের মোড়কজাত ও পরিশোধন করার নামে প্যাকেজজাত পণ্যের মূল্য আকাশচুম্বী করার প্রবণতা রোধ করা এবং বাড়িভাড়া আইন অবিলম্বে সংশোধন করে জনস্বার্থে তা কার্যকর করাসহ কয়েকটি সুপারিশ করেছে।