জীবন বীমাসহ সাত বিমা কোম্পানির এমডি ও সিএফওকে জরিমানা
রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) এবং ছয় বেসরকারি জীবনবিমা কোম্পানির এমডি ও সাত কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তাকে (সিএফও) জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইড্রা)।২০১১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মুনাফা, প্রিমিয়াম, কমিশন, ব্যবস্থাপনা খরচ ইত্যাদি তথ্য ইড্রাতে পাঠানোর সর্বশেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। কিন্তু ইড্রার তৈরি করে দেওয়া ছক অনুযায়ী, জীবন বীমা করপোরেশনসহ সাতটি বিমা কোম্পানি তা পাঠায়নি। কেউ কোনো তথ্যই পাঠায়নি। আবার কেউ অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য পাঠিয়েছে। বিমা আইন, ২০১০-এর ১৩৪ ধারার ক্ষমতাবলে ইড্রা তাই সর্বোচ্চ জরিমানা আরোপ করেছে। জীবন বীমা করপোরেশনের এমডি পরীক্ষিৎ দত্ত চৌধুরীকে এক লাখ টাকা ও জিএম আমিনুর রহমান মো. তারেককে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রতিদিনের দেরির জন্য উভয়কেই আলাদাভাবে পাঁচ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা গুনতে হবে। জরিমানা দিতে হবে এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত এমডি কামরুল হাসান ও সিএফও চন্দ্র শেখর দাস; পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী ও সিএফও মো. ইউসুফ আলী; সানফ্লাওয়ার লাইফের এমডি রশিদ আহমেদ ও সিএফও নাসির উদ্দিন; হোমল্যান্ড লাইফের এমডি আজিজুল ইসলাম তালুকদার ও জি এম কাজী আহসান উল আলম আনসারী; মেঘনা লাইফের এমডি মো. শাহআলম ও সিএফও এম এ মজিদ; এবং সান লাইফ ইনস্যুরেন্সের এমডি মাহফুজুল বারী চৌধুরী ও সিএফও কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী। হোমল্যান্ড ও মেঘনা লাইফ বাদে উল্লিখিত এমডিদের প্রত্যেককে এক লাখ টাকা এবং জিএম ও সিএফওদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। হোমল্যান্ড ও মেঘনা লাইফের এমডিদের জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা করে। জরিমানার টাকা দেওয়ার ক্ষেত্রে প্রতিদিনের দেরির জন্য তাঁদের সবাইকে অতিরিক্ত জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা করে। জরিমানা করার আগে ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্রত্যেককে শুনানিতে ডেকেছিল ইড্রা। শুনানিতে যথাযথ জবাব দিতে না পারায় জরিমানা আরোপ করা হয়। তবে শুনানি শুরুর আগে তথ্যাদি উপস্থাপন করায় প্রগ্রেসিভ লাইফের এমডি এম এ করিমকে জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার সাধুর জন্য ৫০ হাজার টাকা জরিমানা বহাল রাখা হয়েছে।