জীবনবিমা কোম্পানিগুলোর অবস্থা নিরীক্ষা করবে আইডিআরএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের কাছ থেকে বিমা পলিসির টাকা নিয়ে অতিরিক্ত খরচ করে ফেলার কারণে সব জীবনবিমা কোম্পানির আর্থিক কর্মকাণ্ডের ওপর নিরীক্ষা করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বিমা খাতের নিয়ন্ত্রক এই সংস্থাটি পর্যায়ক্রমে সব জীবনবিমা কোম্পানির ওপরই নিরীক্ষা করবে। তবে যেসব কোম্পানির খরচের মাত্রা ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে, সেগুলোর ওপর আগে নিরীক্ষা করা হবে।

আইডিআরএর চেয়ারম্যান এম. শেফাক আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে নিরীক্ষা করার এ কথা জানান।

প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গতকাল ‘জীবনবিমা কোম্পানিগুলো বেপরোয়া খরচ করছে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

বিমা আইন ও বিমা বিধি অনুযায়ী জীবনবিমা কোম্পানিগুলো প্রথম বছরের প্রিমিয়াম আয়ের ৯০ শতাংশ এবং পরের বছরের (নবায়নকৃত বা রিনিউয়াল) প্রিমিয়াম আয়ের ১৫ শতাংশ ব্যবস্থাপনা ব্যয় হিসেবে খরচ করা যায়।

আইডিআরএ সূত্র জানায়, ২০১৩ সালে পদ্মা ইসলামী লাইফ ৭৬ দশমিক ৫৬, প্রগতি লাইফ ইনস্যুরেন্স ৭০ দশমিক ৯২, প্রাইম ইসলামী লাইফ ৫১ দশমিক ৩৬ এবং প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ৪৩ দশমিক ১১ শতাংশ বেশি খরচ করেছে।

আইডিআরএর সিদ্ধান্ত অনুযায়ী এই চার কোম্পানির ওপরই আগে নিরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ের নিরীক্ষার তালিকায় ফারইস্ট লাইফ, পপুলার লাইফ, হোমল্যান্ড লাইফ, সানফ্লাওয়ার লাইফ, বায়রা লাইফ ও গোল্ডেন লাইফ কোম্পানি থাকতে পারে।

আইডিআরএর চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, জীবন বিমা করার প্রতি মানুষের আস্থা বাড়ুক। কোম্পানিগুলো থেকে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর হলে আস্থা বাড়বেই।’

জীবনবিমা কোম্পানিগুলো নিজেদের ব্যবসায়ের স্বার্থেই পলিসি গ্রাহকদের কাছে অধিকতর দায়িত্বশীল হবে বলে আশা প্রকাশ করেন শেফাক আহমেদ।