জুট স্পিনার্স সমিতি বাজেটকে শিল্পবান্ধব বলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ) প্রস্তাবিত বাজেটকে সার্বিক বিচারে গণমুখী, গ্রহণযোগ্য এবং ব্যবসা ও শিল্পবান্ধব আখ্যায়িত করে বলেছে, এতে সম্পদ আহরণ ও বণ্টনে ভারসাম্য আনার প্রতিফলন রয়েছে। তবে সংগঠনটি এও বলেছে যে প্রস্তাবিত বাজেটে প্রতিবছরের মতো এবারও বড় বার্ষিক উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু বর্তমান ব্যবস্থায় এডিপি বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। এ ছাড়া বাজেট ব্যবস্থাপনাই হবে অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ। বিজেএসএ’র মতে সঠিকভাবে বাজেট বাস্তবায়ন করতে না পারলে দারিদ্র্য বিমোচনে বড় ধরনের অগ্রগতি আসবে না। আবার পুরোটা বাস্তবায়িত হলে দেশে মুদ্রাস্ফীতির প্রশ্নটাও এসে দাঁড়াবে।জাতীয় সংসদে গত বৃহস্পতিবার পেশ করা ২০১০-১১ অর্থবছরের বাজেটের ওপর এভাবেই মিশ্র প্রতিক্রিয়া জানায় বিজেএসএ।এই ব্যবসায়ী সংগঠনটি মনে করে, বাজেটের আকার, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয়সহ অন্যান্য দিক বেশ দক্ষতার সঙ্গে সমন্বয় করা হয়েছে। বিজেএসএর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির বাজেট প্রতিক্রিয়া জানানো হয়।বিজেএসএ আরও বলেছে, বর্তমান বাজেটে সরকারের আওতাধীন যেসব পাটকল রয়েছে, সেগুলোর উন্নয়নে বিশেষ ব্যবস্থা রাখা হলেও বেসরকারি পাটকলগুলোর জন্য কোনো দিকনির্দেশনা এতে নেই। এতে হতাশার কথা জানিয়ে বিজেএসএ এই ব্যাপারে সরকার নজর দেবে বলে আশা করে।