জুড়ীতে সীমান্ত হাট স্থাপনের উদ্যোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলি পালবস্তি এলাকায় ভারতীয় অংশে সীমান্ত হাট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিম বটুলিতে সীমান্ত হাট স্থাপনের জন্য ২০১১ সালে মৌলভীবাজারের তৎকালীন জেলা প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠান। সে অনুযায়ী পরবর্তীকালে সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় ভারত এ ব্যাপারে সম্মত হয় এবং অবকাঠামো নির্মাণেও আগ্রহ দেখায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত সীমান্ত হাট স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় কিছু তথ্য চেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসককে একটি চিঠি দেওয়া হয়। আর জেলা প্রশাসন গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি পাঠায়।
ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে জানান, সীমান্ত হাটে বাংলাদেশ ও ভারতের পণ্য বেচাকেনা হবে। সরেজমিনে নির্ধারিত স্থান পরিদর্শন করে তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবেন।