জুতা রপ্তানিকারকেরা শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির বিখ্যাত ব্র্যান্ড বিজেড মোডার সঙ্গে যৌথ মালিকানায় ‘স্কারপি ই মোডা লিমিটেড’ নামে একটি জুতার কারখানা রয়েছে দেশের লেদারেক্স ফুটওয়্যার লিমিটেডের। লেদারেক্স ফুটওয়্যারের জুতা বেশি রপ্তানি হয় জাপানে। নিজস্ব কারখানায় তৈরি জুতার ৬৫ শতাংশই জাপানে যায়। বাকিটা যায় ইউরোপের বিভিন্ন দেশে।
তাই ঢাকায় একজন ইতালীয় ও রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় ব্যবসা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা লেদারেক্সের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানের চেয়ে আর কেই-বা ভালো বলতে পারবেন। নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ইতালি ও জাপানি নাগরিক হত্যা হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। কারণ ইতালির সঙ্গে আমার একটি বড় যৌথ উদ্যোগ আছে। আর জাপান হলো আমার জুতার সবচেয়ে বড় বাজার।’
দেশে কয়েক দিনের ব্যবধানে দুজন বিদেশি নাগরিক হত্যার পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপানসহ বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করে। আতঙ্কে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বাংলাদেশ সফর বাতিল করছেন। যৌথ মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে যেসব বিদেশি টেকনিশিয়ান কাজ করতেন, তাঁদেরও এখন বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না।
লেদারেক্স ফুটওয়্যারের নাজমুল হাসানই বললেন, ‘ইতালি থেকে টেকনিশিয়ানরা নিয়মিত আমাদের কারখানায় আসতেন। কারখানার কাজ তদারকি করতেন। ক্রেতা প্রতিষ্ঠানগুলোর চাহিদার কথা জানাতেন। তাঁদেরও এখন বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আগামী দুই মাসে আমাদের ক্রেতা, যৌথ বিনিয়োগকারীদের বাংলাদেশে যত সফর ছিল, তার সবগুলোই বাতিল হয়েছে। কেউই এখন আসতে চাইছেন না।’
জাপানে গত সপ্তাহে লেদারেক্স ফুটওয়্যারের জুতার একটি প্রদর্শনী হয়। সেখানে প্রতিষ্ঠানটির যত কর্মকর্তা গেছেন, তাঁরা একরকম বিব্রতকর পরিস্থিতিতেই পড়েন। কারণ কুনিও হোশির হত্যাকাণ্ডের পর জাপানিরা খুব বেশি কথা বলতে আগ্রহ দেখাননি।
রিগ্যাল ও হিউম্যানিকের মতো ব্র্যান্ডের জন্য জুতা প্রস্তুত করে লেদারেক্স ফুটওয়্যার। বছরে পাঁচ লাখ জোড়া জুতা তৈরি করে প্রতিষ্ঠানটি।
চামড়াজাত পণ্য এবং জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (এলএফএমইএবি) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর গত সোমবার সকালে ফেরেন ইতালি থেকে। ওই দিন সন্ধ্যায় তাঁর সঙ্গে কথা হয়। তিনি মনে করেন, দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় ইতালির চেয়ে জাপানের ব্যবসায়ীরাই বেশি ভয় পেয়েছেন এবং এটাই দুশ্চিন্তার কারণ।
এর কারণ হলো বাংলাদেশ থেকে যত চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি হয়, তার ৬০ শতাংশই যায় ইউরোপের দেশগুলোতে। আর জাপানে যায় ২৫-৩০ শতাংশ পণ্য। একক দেশ হিসেবে বাংলাদেশি চামড়া পণ্য ও জুতার বড় বাজার হলো জাপান। এই তথ্য এলএফএমইএবির।
সৈয়দ নাসিম মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘জাপানের ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা মাসের পর মাস বাংলাদেশে থাকনে। ঘুরে ঘুরে দেখতেন। অর্ডার দিতেন। কুনিও হোশি হত্যাকাণ্ডের পর তাঁরা চলে গেছেন। ওই অর্ডারগুলোই সাময়িকভাবে কমে যাচ্ছে।’
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর আরও বলেন, বিভিন্ন দেশের ক্রেতারা বাংলাদেশে আসতে দ্বিধা করছেন। এমনকি মধ্যম সারির কর্মকর্তারাও আসতে চাইছেন না। দূতাবাস থেকে তাঁদের নিষেধ করা হচ্ছে।
গত বছর থেকেই বাংলাদেশের প্রস্তুত চামড়ার রপ্তানি কমছে। এর বড় কারণ হলো হাজারীবাগ থেকে পরিবেশ দূষণকারী ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর না হওয়া।
একাধিক ট্যানারির মালিক বলেছেন, বিশ্ববাজারে প্রস্তুত চামড়ার দাম বেশ কমে গেছে। এর পরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার বাংলাদেশ থেকে চামড়া কিনতে চাইছেন না ক্রেতারা।
বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়া পণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সভাপতি আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘আমার কারখানাতে এখন নন-লেদার জুতাই তৈরি হচ্ছে। কোনো চামড়াই প্রবেশ করাই না। কারখানায় চামড়া ঢোকালেই আর জুতা নেবেন না বায়াররা। এ ব্যাপারে তারা আগেই বলে দিয়েছে।’
এই অবস্থায় মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দুই বিদেশি নাগরিক হত্যা। এমনটাই মনে করেন আবির ট্যানারির মালিক বেলাল হোসেন। তিনি বলেন, এমনিতেই চামড়ার রপ্তানি দিন দিন কমছে। এই দুজনের হত্যার পর বায়াররা এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। এ অবস্থা ঠিক হতে সময় লাগবে।
দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। এরপরই অবস্থান চামড়া, চামড়াজাত পণ্য ও জুতার। ২০১৪-১৫ অর্থবছরে এসব পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১১৩ কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জুতা, ৪৮ কোটি
৩৮ লাখ ডলারের। প্রস্তুত চামড়া রপ্তানি হয়েছে প্রায় ৪০ কোটি ডলারের। আর চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ২৫ কোটি ডলার।