জুন মাসে এডিপি যেন টি-টোয়েন্টি ক্রিকেট

সদ্য বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শেষ মাসে অর্থাৎ জুন মাসে খরচ হয়েছে ২৮ হাজার ৭৬৭ কোটি টাকা। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) যে খরচ হয়েছে, তার চেয়ে বেশি খরচ হয়েছে জুন মাসেই। সাত মাসে মোট ২৮ হাজার ৭৫০ কোটি টাকা খরচ হয়েছিল। এই হলো বাংলাদেশের এডিপি বাস্তবায়নের চালচিত্র।
বছরের প্রথম ছয় মাসে এডিপির চার ভাগের এক ভাগও বাস্তবায়ন হয় না। ৯-১০ মাসে অর্ধেক হয়। এডিপির আকার কমানোর পরও বছরের শেষ মাসে ‘টি-টোয়েন্টি’ ক্রিকেটের রানের মতো টাকা খরচের উৎসব চলে। বছরের পর বছর এভাবে চলছে এডিপি বাস্তবায়ন। এবারও এর ব্যতিক্রম হয়নি। বরং পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপির সাড়ে ৯২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে এডিপি বাস্তবায়নের চিত্র তুলে ধরেন।
আইএমইডি সূত্রমতে, ২০১৫-১৬ অর্থবছরে মোট ৮৬ হাজার ৮৪৩ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬৮ হাজার ৫৩২ কোটি টাকা বা বরাদ্দের ৯১ শতাংশ।
সদ্য বিদায়ী অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন বরাদ্দ ছিল ৯৭ হাজার কোটি টাকা, যা মূল এডিপি হিসেবে পরিচিত। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৩ হাজার ৯৯৭ কোটি টাকাসহ মোট এডিপির আকার দাঁড়ায় ১ লাখ ৯৯৭ কোটি টাকা। বাস্তবায়ন করতে না পারায় গত এপ্রিল মাসে এডিপির আকার কমিয়ে ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকা করা হয়। সেই সংশোধিত এডিপিরই সাড়ে ৯২ শতাংশ বাস্তবায়িত হলো।
এডিপি বাস্তবায়ন সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, টাকার অঙ্কে এবার রেকর্ড বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়ন হার সর্বোচ্চ না হলেও এবার রেকর্ড পরিমাণ টাকা খরচ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, প্রকল্পে কত টাকা ছাড় করা হলো, সেটাকেই বাস্তবায়ন হিসাবে ধরে নেয় আইএমইডি। প্রকল্পের গুণগত মান ঠিক থাকল কি না, তা মুখ্য বিষয় নয়; টাকা খরচই যেন মুখ্য।
বাস্তবায়নে দুর্দশা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রকল্পে ১০ লাখ টাকা বরাদ্দ ছিল। কিন্তু সারা বছরে ওই প্রকল্পে এক টাকাও খরচ করতে পারেনি দুদক। বছর শেষে দুদকের প্রকল্পের বাস্তবায়ন হার শূন্য। এ ছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ছয়টি প্রকল্পে ৪৭৫ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু বছর শেষে মাত্র ১১০ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। বাস্তবায়নের হার মাত্র ২৩ শতাংশের মতো।
দুদক ও আইআরডি ছাড়াও গত অর্থবছরে এমন আরও ১০টি মন্ত্রণালয় ও বিভাগ আছে, যেগুলো সারা বছরে বরাদ্দের ৭৫ শতাংশ অর্থও খরচ করতে পারেনি। এগুলো হলো ভূমি মন্ত্রণালয়; নৌপরিবহন মন্ত্রণালয়; আইন ও বিচার বিভাগ; প্রধানমন্ত্রীর কার্যালয়; সেতু বিভাগ; অর্থ বিভাগ; পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ; শিল্প মন্ত্রণালয়; লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগ; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়।