জুন মাসে ভারতের বাণিজ্য ঘাটতি ১৫ মাসের সর্বনিম্ন
গত জুন মাসে ভারতে পণ্য রপ্তানি কমেছে। পাশাপাশি কমেছে পণ্য আমদানিও। এ দুয়ের প্রভাবে দেশটিতে বাণিজ্য ঘাটতি কমে ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।গত শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে এসব তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যসচিব এস আর রাও। প্রকাশিত তথ্যানুসারে, জুন মাসে ভারতের পণ্য রপ্তানি মে মাসের তুলনায় ৫ দশমিক ৪৫ শতাংশ কমেছে। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে। মূলত ইউরোপ ও আমেরিকায় ভারতীয় পণ্যের চাহিদা হ্রাস পাওয়ায় রপ্তানি কমে গেছে। জুন মাসে ভারতের প্রকৌশল পণ্য রপ্তানি কমেছে ১৩ শতাংশ। আর তৈরি পোশাক ও জ্বালানি রপ্তানি উভয় খাতে ১০ শতাংশ হারে কমেছে। অন্যদিকে জুন মাসে আমদানি ব্যয় হয়েছে তিন হাজার ৫৩৭ কোটি ডলার। মে মাসে এর পরিমাণ ছিল চার হাজার ১৯০ কোটি ডলার। ফলে আমদানি হ্রাস পেয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ। এর ফলে জুন মাসে পণ্য বাণিজ্যে ভারতের ঘাটতি কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৭ কোটি ডলার। মে মাসে এ ঘাটতির পরিমাণ ছিল এক হাজার ৬২০ কোটি ডলার। আর এপ্রিল মাসে ঘাটতি ছিল এক হাজার ৩৪০ কোটি ডলার।ভারতের কেন্দ্রীয় বাণিজ্যসচিব এস আর রাও বলেছেন, রপ্তানি বাণিজ্যের এ শ্লথগতি আরও দুই বছর অব্যাহত থাকতে পারে। ভারতের রপ্তানি পণ্যের প্রায় ২০ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের বাজারে যায়। সেখানে যে আর্থিক সংকট চলছে, তার প্রভাবে চাহিদা কমে ভারতের রপ্তানি কমেছে।তবে এস আর রাও বলেছেন, দুঃখজনক সংবাদ হলো, আমেরিকার বাজারেও রপ্তানি কমেছে। রপ্তানি কমে যাচ্ছে চীন এমনকি জাপানেও।বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে সাত হাজার ৫২০ কোটি ডলার, যা কি না গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৭০ শতাংশ কম। অন্যদিকে আলোচ্য সময়ে রপ্তানি ব্যয় দাঁড়িয়েছে ১১ হাজার ৬২৬ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ১০ শতাংশ কম। প্রথম প্রান্তিকে তৈরি পোশাকের রপ্তানি কমেছে ১২ শতাংশ আর প্রকৌশল পণ্যের সাড়ে ৬ শতাংশ।