জুন শেষে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতে গত তিন মাসে খেলাপি ঋণের পরিমাণ ও হার কিছুটা বেড়েছে। তবে এ সময় ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে ঘাটতি খানিকটা কমেছে। এর ফলে ভবিষ্যতে ব্যাংকগুলোর মুনাফা বৃদ্ধি পাবে।চলতি ২০১৩ সালের জুন মাস শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০৯ কোটি ৩২ লাখ টাকা। এটি এ সময় পর্যন্ত মোট বিতরণ করা চার লাখ ৩৯ হাজার ২১২ কোটি ৩৭ লাখ টাকা ঋণের ১১ দশমিক ৯১ শতাংশ।এর আগে গত মার্চ শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ হয় ৫১ হাজার ১৯ কোটি ৯১ লাখ টাকা, যা সে সময় পর্যন্ত মোট বিতরণ করা চার লাখ ২৮ হাজার ৬৯৩ কোটি ২৮ লাখ টাকা ঋণের ১১ দশমিক ৯০ শতাংশ। ।খেলাপি ঋণ ও নিরাপত্তা সঞ্চিতি সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ২০১৩ সালের জুনভিত্তিক প্রতিবেদনের সঙ্গে আগের প্রতিবেদনের তুলনায় এসব তথ্য-উপাত্ত মিলেছে।প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নতুন বিধান অনুসারে নিম্নমান পর্যায়ে শ্রেণীকৃত ঋণকে এখন খেলাপি বলা হচ্ছে না এই অর্থে যে. এতে গ্রাহকের নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় নেই। তবে এ পর্যায়ে ব্যাংককে ঠিকই সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকও আগের মতো এই পর্যায়ের ঋণকে বিরূপভাবে শ্রেণীকৃত ঋণের মধ্যেই রাখছে, অশ্রেণীকৃত হিসাবে দেখাচ্ছে না। এই প্রতিবেদনে খেলাপি বলতে পুরো অশ্রেণীকৃত ঋণকেই বোঝানো হয়েছে। এ ক্ষেত্রে ৫২ হাজার ৩০৯ কোটি ৩২ লাখ টাকার বিরূপ শ্রেণীকৃত ঋণের মধ্যে নিম্নমানের ঋণ হচ্ছে এক হাজার ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা।রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতিতে আবারও কিছুটা অবনতি হয়েছে। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে চার শতাংশ। এ সময় অগ্রণী ও জনতা ব্যাংকে খেলাপি ঋণ কিছুটা কমেছে। আর বেড়েছে রূপালী ব্যাংকের। রূপালী ব্যাংকে মাদারটেক, মাদার স্পিনিং, বেনিটেক ও বেক্সিমকো গ্রুপের বেক্সটেক্সের বড় অঙ্কের ঋণ এ সময় খেলাপি হয়ে পড়ায় জুনভিত্তিতে ব্যাংকটির খেলাপি ঋণ বৃদ্ধি পায়। যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিন অবশ্য দাবি করেছেন যে ইতিমধ্যেই এই চারটি বড় ঋণই পুনঃ তফসিল হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগামী প্রান্তিক শেষে ব্যাংকের খেলাপি ঋণের হার ১৫ শতাংশের কাছাকাছি নেমে আসবে।’ তবে তা হবে পুনঃ তফসিল করে। ফরিদ উদ্দিন আরও বলছেন, ‘বেশ কিছু নগদ আদায়ও হয়েছে। বিশেষত বেক্সটেক্সের কাছ থেকে ভালো অর্থ নগদ আদায় হয়েছে।’ রাষ্ট্র খাতের বাংকগুলোতে বড় বড় জালিয়াতি ও আর্থিক কেলেঙ্কারির খবর বেশ কিছু দিন ধরে সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম হয়েছে। এর একটা অংশ গত ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে খেলাপি করতে হয়েছে। আবার নতুনভাবেও কিছু ঋণ খেলাপি হয়েছে। আবার দেশে শিল্প-বাণিজ্যের কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। যেমন রিয়েল এস্টেট খাত, জাহাজভাঙা শিল্প, আমদানি অর্থায়ন ইত্যাদি ক্ষেত্রে ঋণ আদায় হচ্ছে না। এসব খাতে বড় অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়ছে। আমদানি অর্থায়নের মধ্যে বিশেষত এলটিআরের সুবিধার বড় অংশও খেলাপি হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের নতুন বিধান করায় কিছু ঋণ খেলাপিতে পরিণত হয়। যদিও এই বিধান বাস্তবায়ন হওয়ায় দেশের ব্যাংক খাতের আরও একটি মানদণ্ড আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। নতুন নিয়মে ব্যাংকগুলোতে মুনাফা জমা রেখে অতিরিক্ত সঞ্চিতি সংরক্ষণ করতে হয়েছে। তবে জুন প্রান্তিক থেকে তা কমে আসছে। দেখা যাচ্ছে, ব্যাংকগুলোতে এখন সঞ্চিতি ঘাটতি অনেক কমে গেছে। তিন মাসে প্রায় সাত হাজার কোটি টাকার সঞ্চিতি ঘাটতি মিটিয়েছে ব্যাংকগুলো। ব্যাংক খাতের সংরক্ষিত এই প্রভিশন ও স্থগিত সুদ আয়কে (খেলাপি চিহ্নিত করা ঋণের সুদ ব্যাংক আয় খাতে নিতে পারে না) সমন্বয় করা হলে ব্যাংক খাতে খেলাপি ঋণ বর্তমানের চেয়ে অর্ধেকের নিচে নেমে আসে। এই হিসাবে খেলাপি ঋণ দাঁড়াবে ১৭ হাজার ৯৫৩ কোটি ৪৬ লাখ বা বিতরণ করা ঋণের চার দশমিক ৪৩ শতাংশ।ব্যাংকভিত্তিক পরিসংখ্যান: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুনে এসে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ২৩ হাজার ৮৫২ কোটি ৮৭ লাখ টাকা বা ২৬ দশমিক ৪৪ শতাংশ। তিন মাসে দেশীয় বেসরকারি ৩০ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ১৯ হাজার ৬১১ কোটি ৪৬ লাখ টাকা বা বিতরণ করা ঋণের ৬ দশমিক ৬২ শতাংশ। বিদেশি নয় ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে এক হাজার ৮৮ কোটি ৬৪ লাখ টাকা বা তাদের মোট বিতরণ করা ঋণের চার দশমিক ৬৬ শতাংশ। রাষ্ট্র খাতের চার বিশেষায়িত ব্যাংকে জুন শেষে খেলাপি ঋণ হয়েছে সাত হাজার ৭৫৬ কোটি ৩৬ লাখ টাকা বা ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ২৬ দশমিক ১৯ শতাংশ।