>অর্থমন্ত্রীর উন্নয়ন বাজেটের লক্ষ্য পূরণে প্রতিদিন খরচ করতে হবে দেড় হাজার কোটি টাকা
চলতি জুন মাসে ৪২ হাজার ৯১ কোটি টাকা খরচ করতে হবে, যা পদ্মা সেতুর মোট খরচের চেয়েও অনেক বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়নে এই জুন মাসে প্রতিদিন গড়ে দেড় হাজার কোটি টাকার মতো খরচ করতে হবে। এ দেশে এর আগে কখনো এক মাসে এডিপির এত টাকা খরচ হয়নি।
২০১১-১২ অর্থবছরে এডিপির আকারই ছিল ৪১ হাজার কোটি টাকা। সারা বছরে অর্থ খরচের লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। ঠিক পাঁচ বছর পরে এসে মাত্র এক মাসেই এর চেয়ে বেশি টাকা খরচ করতে চায় সরকার। অর্থবছর শেষে বরাদ্দের টাকা যেন ফেরত না যায়, সে জন্যে টাকা খরচই যেন মুখ্য বিষয় হয়ে যায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর।
বছরজুড়ে খরচের চিত্র এবারও অন্য বছরের মতোই গতানুগতিক। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) এডিপির প্রায় ৬৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আইএমইডির হালনাগাদ তথ্য সাংবাদিকদের দেন।
আইএমইডি সূত্রমতে, চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে খরচ হয়েছে ৭৭ হাজার ২০৪ কোটি টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৫৮ হাজার ৭৬ কোটি টাকা বা বরাদ্দের ৬২ শতাংশ। এর আগের তিন বছরের একই সময়ে যথাক্রমে ৬৭ শতাংশ, ৬৬ শতাংশ ও ৬৩ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল।
উল্লেখ্য, চলতি অর্থবছরে আইএমইডির তদারকি থাকা মূল এডিপির আকার ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা। কয়েক মাস আগে সংশোধনের সময়ে তা অপরিবর্তিত রাখা হয়। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয় ৪ হাজার কোটি টাকার মতো কমানো হয়। সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ২৯৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘সাধারণত সংশোধিত বাজেটে এডিপির আকার কিছুটা কাটছাঁট করা হয়। আমি আনন্দের সঙ্গে উল্লেখ করছি যে, এবারই প্রথম আমরা সংশোধিত এডিপির আকার অপরিবর্তিত রাখতে সক্ষম হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, এই এডিপি আমরা বাস্তবায়নে সক্ষম হব।’
শেষ সময়ে এডিপি বাস্তবায়ন সম্পর্কে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সম্প্রতি প্রথম আলোকে বলেছেন, তাড়াহুড়ো করে শেষ সময়ে টাকা খরচ করলে প্রকল্পের মান ঠিক থাকে না। তাঁর মতে, প্রতি মন্ত্রণালয়ের মধ্যমেয়াদি বাজেট কাঠামো আছে। এর ফলে আগে থেকে বোঝা যায়, ওই মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে কী পরিমাণ অর্থ বরাদ্দ থাকতে পারে। তাই বাজেট পাসের আগেই প্রকল্পের কেনাকাটার প্রাক্কলন থেকে দরপত্র প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা সম্ভব। বাজেট পাসের পরদিন যাতে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া যায়।
এডিপিতে ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১ হাজার ২৮৪টি প্রকল্প রয়েছে। ১১ মাস পেরিয়ে গেলেও সরকারি কর্ম কমিশন এক টাকাও খরচ করতে পারেনি। তাদের একটি প্রকল্পে ৫ কোটি টাকা বরাদ্দ আছে। ১৬টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি। অন্যগুলো হলো—তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ; আইন ও বিচার বিভাগ; তথ্য মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়; পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; সেতু বিভাগ; শিল্প মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
বরাদ্দের টাকা খরচের বিবেচনা বাণিজ্য এবং ধর্ম মন্ত্রণালয় বেশ ভালো করেছে। এই দুটি মন্ত্রণালয় তাদের বরাদ্দের ৯০ শতাংশের বেশি টাকা খরচ করে ফেলেছে। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ১৫ হাজার ৬০৭ কোটি টাকা খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর পরের স্থানে আছে বিদ্যুৎ বিভাগ। এই বিভাগটি ১৪ হাজার ৩১৪ কোটি টাকা খরচ করেছে। এই দুটি বিভাগই তাদের বরাদ্দের প্রায় ৮০ শতাংশের মতো খরচ করেছে।