জুনে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুন মাসে ২০১২-১৩ অর্থবছরের সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইর বিদেশি বিনিয়োগ-সংক্রান্ত মাসিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়, গত জুন মাসে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগ হয়েছে ৩৩৬ কোটি টাকা, যা গত মে মাসের তুলনায় ১০৫ কোটি টাকা বেশি। আর এটি মাসিক ভিত্তিতে অর্থবছরের সর্বোচ্চ।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ কিছুটা ভালো হয়েছে। এর পাশাপাশি সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন।এ বিষয়ে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘একটি দেশের বিনিয়োগের ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডলারের বিনিময় হার, সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এসব দিক বর্তমানে বেশ ইতিবাচক ধারায় রয়েছে। তাই বিদেশি বিনিয়োগও এ দেশে আকৃষ্ট হচ্ছে।’ এর ফলে দেশের শেয়ারবাজারেও বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে মনে করেন তিনি। ডিএসইর ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, গত জুন মাসে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৩৯৪ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। আর শেয়ার বিক্রি করেছেন প্রায় ৫৮ কোটি টাকার। এই হিসাবে জুনে প্রকৃত বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা।এ ছাড়া মে মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগ হয়েছিল প্রায় ২৩১ কোটি টাকা। আর এপ্রিলে ৮২ কোটি, মার্চে ৯০ কোটি, ফেব্রুয়ারিতে ১০৩ কোটি, জানুয়ারিতে ৯৯ কোটি, গত বছরের ডিসেম্বরে ৪৩ কোটি, নভেম্বরে ৫১ কোটি, অক্টোবরে ৬৯ কোটি, সেপ্টেম্বরে ৮৪ কোটি, আগস্টে ১৯ কোটি এবং জুলাইয়ে ১৭ কোটি টাকা প্রকৃত বিনিয়োগ হয়েছে।