জুনেই সারা দেশে গ্রামীণফোনের থ্রিজি

ইন্টারনেটের ব্যবহার বাড়াতে চলতি বছরের জুনের মধ্যে পুরো বাংলাদেশকে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। এ জন্য সারা দেশে সব মোবাইল ফোন টাওয়ার বা বেস স্টেশনকে থ্রিজিতে রূপান্তরের কাজ শুরু করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেয় গ্রামীণফোন। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও রাজীব শেঠিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জুনে গ্রামীণফোনের ১০ হাজার মোবাইল ফোন টাওয়ারকে থ্রিজিতে রূপান্তর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে গ্রামীণফোনের থ্রিজি বেস স্টেশন আছে ৫ হাজার ৮৩১, যা আগামী মার্চের মধ্যে সাড়ে ৭ হাজারে উন্নীত করা হবে।
সিগভে ব্রেক্কে বলেন, গ্রামীণফোন ভয়েস কলের পাশাপাশি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এ রূপান্তরের অংশ হিসেবে গ্রামীণফোন শুধু নেটওয়ার্ক ও ডেটা সেবা খাতেই উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেনি; শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে নতুন ডিজিটাল কনটেন্ট ও ই-সেবা চালু করেছে। এসব সেবা গ্রাহকের আস্থা লাভ করেছে।
ডিজিটাল সেবায় ইন্টারনেটের গুরুত্ব উল্লেখ করে সিগভে ব্রেক্কে বলেন, ইন্টারনেট ব্যবহার করতে পারা ধনী-গরিব নির্বিশেষে সব মানুষের মৌলিক অধিকার। পুরো বাংলাদেশে গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্ক যেভাবে সম্প্রসারিত হয়েছে, বিশ্বের আর কোনো দেশে এত দ্রুত সময়ে তা করা সম্ভব হয়নি।
রাজীব শেঠি বলেন, ‘গ্রামীণফোনই দহগ্রাম ও গাড়াতির মতো সাবেক ছিটমহলসহ দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে থ্রিজি নিয়ে গেছে। থ্রিজি ও ইন্টারনেটের জন্য শুরুতেই ১০ মেগাহার্টজ তরঙ্গ একমাত্র গ্রামীণফোনই কিনেছে। এই তরঙ্গ কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করেছে।’
২০১৩ সালের অক্টোবরে থ্রিজি লাইসেন্স পাওয়ার পর দুই বছরের বেশি সময়ে সব জেলা ও উপজেলাসহ সারা দেশের ৬৫ শতাংশ এলাকা গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নেটওয়ার্ক বাড়াতে ২০১৫ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ১ হাজার ৪৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে অপারেটরটি, যা চলতি বছরে আরও বৃদ্ধি পাবে।
মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হলে গ্রামীণফোন তরঙ্গ একীভূত অপারেটরের তুলনায় কম হবে। এতে গ্রামীণফোন বাজার প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে কি না?—এমন এক প্রশ্নের জবাবে সিগভে ব্রেক্কে বলেন, বাংলাদেশে এখন যে হারে ইন্টারনেট ব্যবহার বাড়ছে, তাতে তরঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য নতুন তরঙ্গের পাশাপাশি এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে প্রযুক্তি নিরপেক্ষতা দরকার।