জুনের মধ্যে ট্যানারি স্থানান্তর হবে?
সাভারের চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল চলতি মার্চ মাসে। কিন্তু এই মাসে সিইটিপির নির্মাণ শেষ হচ্ছে না। এখন বলা হচ্ছে, জুনের মধ্যে এর কাজ শেষ হবে।
আবার হাজারীবাগের সব ট্যানারি এখনো সাভারে স্থানান্তর হয়নি। ১৪৮টি ট্যানারি সাভারে তাদের কারখানা নির্মাণের কাজ করছে। তবে এর মধ্যে সর্বোচ্চ ২০-২৫টি কারখানার কাজ জুনের মধ্যে শেষ হতে পারে। এসব কারণে আগামী জুলাই থেকে সাভারে পরিবেশবান্ধব উপায়ে চামড়া উৎপাদন নিয়ে শঙ্কা দেখা গিয়েছে।
জানতে চাইলে চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক সিরাজুল হায়দার প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে সিইটিপির নির্মাণসামগ্রী ঠিকমতো পরিবহন করা যায়নি। সে কারণে মার্চের মধ্যে এর দুটি মডিউলের নির্মাণকাজ শেষ করার যে লক্ষ্যমাত্রা ছিল, সেটা হচ্ছে না। আশা করছি, জুনের মধ্যে চারটি মডিউলের কাজ শেষ হবে। এ লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।’
তবে জুনের মধ্যে সব ট্যানারি স্থানান্তর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘জুনের মধ্যে যাব কীভাবে? সিইটিপির কাজই তো তখন শেষ হবে না।’ তিনি জানান, দেশে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে এ বছর সব ট্যানারি স্থানান্তর সম্ভব হবে না। স্বাভাবিক পরিস্থিতি থাকলে এ বছরের শেষনাগাদ ট্যানারি স্থানান্তর হতে পারে।
সাভারের হেমায়েতপুরে ২০০ একর জায়গাজুড়ে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগর গড়ে তোলা হচ্ছে। ২০০৩ সালের ১৬ আগস্ট একনেকে চামড়া শিল্পনগর প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০০৫ সালে। কিন্তু কাজ শেষ না হওয়ায় দফায় দফায় সময় ও ব্যয় বাড়ে। এই শিল্পনগরে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা স্থাপন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
এরই মধ্যে প্রায় সব অবকাঠামো তৈরি হয়ে গেছে। কারখানার নির্মাণকাজও শুরু হয়েছে। কিন্তু যে সিইটিপির কারণে এটি ‘পরিবেশবান্ধব শিল্পনগর’, সেই সিইটিপির নির্মাণই এখনো হয়নি।
জানা গেছে, সিইটিপির অংশ হিসেবে চারটি মডিউল তৈরি করার কথা। এখন এগুলোর একত্রে নির্মাণকাজ চলছে। সিইটিপির ৬৫ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু একটি মডিউলের কাজও শেষ হয়নি। এপ্রিলের মধ্যে সিইটিপির নির্মাণকাজ শেষ হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান জেএলইপিসিএ-ডিসিএল জেভি জানিয়েছে।
প্রকল্প কার্যালয় সূত্র বলছে, সিইটিপির সরঞ্জাম আমদানির জন্য গত মাসে ১১২ কোটি টাকার একটি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। এসব সরঞ্জাম চীন থেকে আসবে। বুয়েটের একটি দল এসব সরঞ্জাম পরিদর্শন করতে চীন যাবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই এসব সরঞ্জাম জাহাজীকরণ হবে।
একজন ট্যানারি মালিক প্রথম আলোকে বলেন, ‘চারটি এলসি দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত দিয়েছে একটি। সেটাই তো আসেনি। বাকিগুলো কবে দেওয়া হবে, কবে আসবে আর কবে সিইটিপির কাজ শেষ হবে? আমরা এখানে পরিবেশদূষণ করছি, সেখানে গিয়েও আবার দূষণ করব নাকি।’
ঢিমেতালে চলছে কারখানা নির্মাণ: বিসিক ও ট্যানারি মালিকদের দুই সংগঠনের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক অনুযায়ী, ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি স্থানান্তর এবং উৎপাদন শুরু করার কথা ট্যানারি মালিকদের। কিন্তু সেটা হয়নি। পরবর্তী সময়ে সরকার এ বছরের জুনের মধ্যে সব ট্যানারি স্থানান্তরের সময়সীমা ঠিক করে।
প্রকল্প কার্যালয় সূত্র বলছে, সাভারে ৭৮টি ট্যানারি তাদের কারখানা নির্মাণের মূল কাজ শুরু করেছে। ২৫টি কারখানার সীমানাদেয়াল ও নিরাপত্তাছাউনি (গার্ড শেড) তৈরি হয়েছে। শুধু সীমানাদেয়াল তুলেছে ৩২টি ট্যানারি। আর ১২টি ট্যানারি শুধু নিরাপত্তাছাউনি তুলেছে।
প্রকল্প কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, ট্যানারি মালিকেরা ঢিমেতালে তাঁদের কারখানার নির্মাণকাজ করছেন।
প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার বলেন, ‘ট্যানারি মালিকদের জুনের মধ্যে সাভারে যেতেই হবে। কেন তাঁরা বিলম্ব করছেন, সেটা বুঝতে পারছি না।’
জানতে চাইলে ট্যানারি মালিকদের আরেক সংগঠন বাংলাদেশ ফিনিশড্ লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘কারখানা নির্মাণের কাজ আরও বেগবান হতো, কিন্তু আমরা টাকা পাচ্ছি না। আমরা ব্যাংককে বলেই যাচ্ছি ঋণের জন্য, কিন্তু পাচ্ছি না।’
ট্যানারি মালিকদের দুই সংগঠন বলছে, হাজারীবাগের সব ট্যানারি স্থানান্তর করতে সব মিলিয়ে ৫ হাজার ৮০০ কোটি টাকা লাগবে। এর মধ্যে কারখানা নির্মাণে ৩ হাজার ৮০০ এবং যন্ত্রপাতি কিনতে ২ হাজার কোটি টাকা প্রয়োজন। এ জন্য তাঁরা অনেক দিন ধরেই এক অঙ্কের সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
ছয় ট্যানারি কাজই শুরু করেনি: সাভারের শিল্পনগরে প্লট পাওয়া তিনটি ট্যানারি কারখানা তৈরির জন্য কোনো লে-আউট পরিকল্পনাই জমা দেয়নি। হাজারীবাগে তাদের ট্যানারির জমিজমা এবং পারিবারিক বিরোধ থাকায় তারা এদিকে এগোয়নি। এই ট্যানারিগুলো হলো জুবলি ট্যানারি, মিল্লাত ট্যানারি ও রুমী লেদার। জানা গেছে, রুমী লেদারের ঝামেলা মিটে গেছে। তারা সাভারে কারখানা নির্মাণের প্রাথমিক কাজও শুরু করেছে।
এদিকে সূত্র বলছে, লে-আউট পরিকল্পনা জমা ও তা অনুমোদন দেওয়ার পরও চারটি ট্যানারি এখনো কারখানার কাজ শুরুই করেনি। এগুলো হলো প্যারামাউন্ট ট্যানারি, নবীপুর ট্যানারি, নজরুল ট্যানারি ও এশিয়া ট্যানারি।
প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার বলেন, ‘কারখানার কাজ শুরু করার জন্য তাদের ২০ দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা কাজ শুরু করেনি। এখন সময় এসেছে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। সরকারের উচ্চপর্যায় এ বিষয়টি দেখছে।’