জুনের মধ্যে পদ্মা সেতুতে আরও ৩২৭ কোটি টাকা দরকার
চলতি অর্থবছরে পদ্মা সেতুর জন্য আরও ৩২৭ কোটি টাকা চায় সেতু বিভাগ। ইতিমধ্যে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সমপরিমাণ বাড়তি অর্থ বরাদ্দ দেওয়ার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়েছে সেতু বিভাগ।
জানা গেছে, গত সপ্তাহে মূল সেতু নির্মাণের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কার্যাদেশ দেওয়ার পর মবিলাইজেশন অ্যাডভান্সড ফান্ড বা প্রাথমিক অগ্রিম তহবিল দেওয়ার জন্য এই অর্থ চাওয়া হয়েছে। কার্যাদেশ দেওয়ার পর মূল ব্যয় ১২ হাজার ১৩৩ কোটি টাকার ১৫ শতাংশ অর্থ দেওয়ার কথা রয়েছে। এই অর্থের জোগান দিতেই বাড়তি বরাদ্দ চাওয়া হয়েছে।
এই সম্পর্কে জানতে চাইলে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংশোধিত এডিপিতে আমাদের চাহিদার তুলনায় কম বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এখন মূল সেতু নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়ায় তাদের প্রাথমিক তহবিল দিতে হবে। তাই বাড়তি অর্থ চাওয়া হয়েছে।’ তিনি মনে করেন, জনগুরুত্বপূর্ণ প্রকল্প হওয়ায় বাড়তি বরাদ্দ দেওয়া উচিত।
উল্লেখ্য, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে পদ্মা সেতুর জন্য দুই হাজার ৪৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী বছরের বরাদ্দ রয়েছে আট হাজার ১০০ কোটি টাকা।
এদিকে সংশোধিত এডিপি চূড়ান্ত করার পর শেষ মুহূর্তে বরাদ্দ চাওয়ায় বিপাকে পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। ৬০ হাজার কোটি টাকার সংশোধিত এডিপির প্রকল্পভিত্তিক বরাদ্দও ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এখন নতুন করে বরাদ্দ কীভাবে দেওয়া হবে, তা নিয়ে গত বুধবার পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায় জানানো হয়, বাস্তবায়ন করা সম্ভব না হওয়ায় চলতি অর্থবছরে বিভিন্ন প্রকল্প থেকে মাত্র ২৪০ কোটি টাকা ফেরত আসবে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগ ৯৮ কোটি টাকা ও শিল্প মন্ত্রণালয় ৭২ কোটি টাকা ফেরত দেবে। অথচ পদ্মা সেতুসহ বেশ কিছু প্রকল্পে আরও তিন হাজার কোটি টাকা বেশি দাবি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনা করে ছোট ও তুলনামূলক কম অগ্রাধিকারমূলক প্রকল্প থেকে টাকা এনে পদ্মা সেতুতে বরাদ্দ দেওয়া হবে। এটি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।
এক দফা খরচ বাড়িয়ে পদ্মা সেতু প্রকল্পের বর্তমানে ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫০৭ কোটি টাকা। এই বরাদ্দ আরও বাড়ছে। নদীশাসন ও অবকাঠামো সরানোর জন্য আরও এক হাজার ২২১ কোটি লাগবে লাগবে। এ ছাড়া দীর্ঘসূত্রিতার কারণে পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ব্যয় আরও বাড়বে।
দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনের কারণে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাইকা প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে৷ ফলে প্রকল্প বাস্তবায়ন নিয়ে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। তাই সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে।