জুনের মধ্যে সব কার্ডে চিপ যুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তা নিশ্চিতের জন্য আগামী বছরের জুনের মধ্যে এ ধরনের সব কার্ডে বিশেষ চিপ ও পিন যুক্ত করতে হবে। আর চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব কার্ডের লেনদেন পিনভিত্তিক (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) করতে হবে। একই সঙ্গে ব্যাংকের এটিএম বুথে দৈনিক লেনদেনের ন্যূনতম এক বছরের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট ব্যাংককে সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এসব নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অব সেলস (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা ব্যবহারে ব্যাংক ও গ্রাহকের নির্ভরশীলতা ক্রমেই বাড়ছে। এ ধরনের লেনদেনের ঝুঁকি কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে আগে জারি করা বিভিন্ন নির্দেশনাকে একীভূত করে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনার তথ্যগুলো হলো:

কার্ড-সংক্রান্ত

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেন করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব কার্ডের লেনদেন পিনভিত্তিক করতে হবে। কার্ডের লেনদেনের সব তথ্য মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। বর্তমানে প্রচলিত ম্যাগনেটিক স্ট্রিপযুক্ত সব কার্ডকে আগামী বছরের জুনের মধ্যে চিপ ও পিনভিত্তিক প্রযুক্তিতে উন্নীত করতে হবে। এটিএমে কোনো কার্ড আটকে গেলে সেটি সাত কার্যদিবসের মধ্যে সমাধান করতে হবে। গ্রাহকের কার্ডের তথ্য ও পিন নম্বর কোনোভাবে আপস বা চুরি হয়েছে এমনটি নিশ্চিত হলে সেটি বাতিল করে নতুন কার্ড গ্রাহককে দিতে হবে।

এটিএম

যেকোনো এটিএমের মাধ্যমে সম্পন্ন আন্তব্যাংক কার্ডের লেনদেন এনপিএসবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। সব এটিএমে চিপ কার্ড চলবে এমন প্রযুক্তি, অ্যান্টি স্কিমিং প্রযুক্তি, পিন গার্ড ও এনক্রিপটেড পিন প্যাড প্রযুক্তি থাকতে হবে। এটিএম বুথে দৈনিক লেনদেনের কমপক্ষে এক বছরের পুরোনো ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। প্রতি মাসে একটি ব্যাংককে কমপক্ষে ২০টি এটিএম বুথে পরিদর্শন কার্যক্রম চালাতে হবে। বন্ধ এটিএম অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে চালু করতে হবে। এটিএম লেনদেন-সংক্রান্ত সব ধরনের ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

পয়েন্ট অব সেলস (পিওএস)

পিওএস মেশিনের মাধ্যমে সব লেনদেন পিনভিত্তিক হতে হবে। এমন লেনদেনে কার্ডের মালিক নিজের হাতে পিন নম্বর দেবেন।

অনলাইন পেমেন্ট

সব ধরনের অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এককালীন পাসওয়ার্ড ব্যবস্থা চালু করতে হবে। অনলাইনভিত্তিক সব লেনদেন স্থানীয় মুদ্রায় হতে হবে। কোনো অসংগতি বা সমস্যা হলে সঙ্গে সঙ্গে তা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে জানাতে হবে।

অন্যান্য

গ্রাহককে নগদ লেনদেন নিরুৎসাহিত করতে সব ধরনের ডিজিটাল সেবার তথ্য সব ব্যাংককে প্রচার করতে হবে। সাইবার হামলা মোকাবিলার জন্য পরিকল্পনা প্রণয়ন ও কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।