জুনের মধ্যেই শেষ হবে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জুনের মধ্যেই প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ ও মাত্রা নির্ধারণের জন্য দেশব্যাপী প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ শুরু করে সরকার। গত মার্চ মাস পর্যন্ত মোট ১৮ লাখ ৩ হাজার ৪৫৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জরিপের আওতায় আনা হয়েছে। প্রতিবন্ধিতা শনাক্ত ও মাত্রা নিরূপণ করা হয়েছে ১৪ লাখ ৫৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তির। প্রতিবন্ধী ব্যক্তিদের যাবতীয় তথ্য সংরক্ষণে এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার প্রতিবন্ধী ব্যক্তির তথ্য তালিকাভুক্ত করা হয়েছে।
বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা চার লাখ থেকে ছয় লাখ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার থেকে ৬০ হাজার জনে বাড়ানো হয়েছে। এ ছাড়াও প্রতিবন্ধী করদাতার বিদ্যমান করমুক্ত আয়ের সীমা তিন লাখ ৫০ হাজার থেকে তিন লাখ ৭৫ হাজার করা হয়েছে।
বাজেট বক্তৃতায় প্রতিবন্ধীদের জাতীয় তথ্যভান্ডার ব্যবহার করে সকল প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচয়পত্র দেওয়া, প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিদ্যমান উন্নয়ন কার্যক্রম পুনর্বিন্যাস এবং নতুন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা ২০১৫ ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিধিমালা ২০১৫ সংস্কারের কাজ চলছে বলেও উল্লেখ করা হয়েছে।