জুলাই-অক্টোবরে বিদেশি সাহায্যপ্রবাহ কমেছে
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ৪১ কোটি ডলারের বিদেশি সহায়তা এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দুই কোটি ডলার কম।গত বছর জুলাই-অক্টোবরে বিদেশি সহায়তা এসেছিল ৪৩ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এই তথ্য জানা গেছে।ইআরডির পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম চার মাসে পাওয়া মোট ৪১ কোটি ডলারের বিদেশি সাহায্যপ্রবাহের মধ্যে ২৬ কোটি ডলার এসেছে ঋণ বাবদ। আর অনুদান বাবদ পাওয়া গেছে বাকি ১৫ কোটি ডলার।চলতি ২০১০-১১ অর্থবছরে বিভিন্ন দাতাদেশ ও সংস্থার কাছ থেকে ২৮০ কোটি ডলার সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে সরকার। গত ২০০৯-১০ অর্থবছরে ২৪০ কোটি ডলারের সহায়তা পাওয়ার কথা থাকলেও বছর শেষে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মিলেছে মাত্র অর্ধেকের মতো, অর্থাৎ ২২১ কোটি ডলার।বর্তমান অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই দাতাসংস্থা চার মাসে বাংলাদেশকে ১২ কোটি ৬০ লাখ ডলার ছাড় করেছে। এর পরের স্থানে রয়েছে বিশ্বব্যাংক। এই সংস্থা দিয়েছে ১০ কোটি ১০ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাজ্যভিত্তিক দাতাসংস্থা ডিএফআইডি ছাড় করেছে দুই কোটি ৯৩ লাখ ডলার।আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঋণ ও অনুদান এসেছে সেপ্টেম্বরে। ওই মাসে মোট ২৩ কোটি ডলার এসেছে। আর সর্বনিম্ন দুই কোটি ডলার পাওয়া গেছে জুলাই মাসে। এ ছাড়া অক্টোবরে ১৩ কোটি ডলার ও আগস্ট মাসে সোয়া চার কোটি ডলার ছাড় করেছে দাতারা।