জুলাই-আগস্টে বাণিজ্যে ঘাটতি কমেছে
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে পণ্য-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৯ কোটি ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের ৮৮ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় প্রায় ১১ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, এই দুই মাসে আমদানি ব্যয় যে হারে বেড়েছে, রপ্তানি আয় তার চেয়ে বেশি হারে বেড়েছে।
ফলে আমদানি-রপ্তানির মধ্যকার ব্যবধান বা বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে।
তবে এই সময়কালে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়ে হয়েছে ৫৬ কোটি ডলার।
সেবা খাতের বাণিজ্যে আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণের বেশি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতকৃত লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম দুই মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৬৭ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আগের বছরে একই সময়ে তা ছিল ৬৮ কোটি ৭০ লাখ ডলার।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম দুই মাসে দেশে ২৯ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেশি।
সার্বিকভাবে অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে লেনদেনের ভারসাম্যে ৬৫ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। তবে তার আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১০৬ কোটি ৪০ লাখ ডলার।
এসব পরিসংখ্যান থেকে প্রতীয়মান হয় যে অর্থবছরের প্রথম দুই মাসে লেনদেনের ভারসাম্য পরিস্থিতি তেমন কোনো চাপের মধ্যে পড়েনি। তবে অর্থনীতির গতিময়তা কিছুটা কমে গেছে।