জুলাই-নভেম্বরে প্রতিশ্রুতির অর্ধেক বিদেশি সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রতিশ্রুতির অর্ধেক বিদেশি সহায়তা এসেছে। আবার বিদেশি সহায়তার প্রায় অর্ধেকই চলে যাচ্ছে সুদাসল পরিশোধে। আলোচ্য সময়ে ঋণ ও অনুদান মিলিয়ে ৯০ কোটি ৬০ লাখ ডলারের বিদেশি সহায়তা এসেছে। এ সময়ে ১৮৬ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা ছিল উন্নয়ন-সহযোগীদের। অন্যদিকে জুলাই-নভেম্বরে সুদ ও আসল বাবদ সরকারকে ৩৯ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে প্রকৃত প্রাপ্তি হয়েছে ৫০ কোটি ১৫ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। গত অর্থবছরের চেয়ে এবার বিদেশি সহায়তা বেশি ছাড় হয়েছে। গতবার জুলাই-নভেম্বর মাসে ৪৩ কোটি ৭৩ লাখ ডলার ছাড় করেছিল দাতারা। এক বছরের ব্যবধানে প্রায় ৫০ কোটি ডলার বেশি ছাড় হয়েছে। ইআরডি সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর মাসে ঋণ হিসেবে বাংলাদেশে এসেছে ৭৩ কোটি ১৭ লাখ ডলার। গতবার একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ কোটি ৫৪ লাখ ডলার। আর এবার আলোচ্য সময়ে অনুদান হিসেবে এসেছে ১৭ কোটি ৪৮ লাখ ডলার। গতবার এর পরিমাণ ছিল ১৫ কোটি ১৮ লাখ ডলার। জুলাই-নভেম্বর মাসে প্রতিশ্রুতিও এবার কমেছে। গতবার এ সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২২৪ কোটি ৮৭ লাখ ডলার। আর এবার তা কমে হয়েছে ১৮৬ কোটি ৬২ লাখ ডলার। তবে গতবারের চেয়ে এবার কম সুদাসল পরিশোধ করতে হয়েছে। এবার পরিশোধ করতে হয়েছে প্রায় ৩৯ কোটি ৪৫ লাখ ডলার। এর মধ্যে মূল ৩১ কোটি ৫৫ লাখ ডলার আর সুদ সাত কোটি ৮৯ লাখ ডলার রয়েছে। গত বছরের জুলাই-নভেম্বর মাসে ৪০ কোটি ৯৩ লাখ ডলারের সমপরিমাণ সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে আসল ৩২ কোটি ৪০ লাখ ডলার ও সুদ আট কোটি ৫২ লাখ ডলার।প্রথম পাঁচ মাসে বিশ্বব্যাংক সবচেয়ে বেশি—৩৩ কোটি ৭৬ লাখ ডলার ছাড় করেছে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫ কোটি ২৪ লাখ ডলার, চীন পাঁচ কোটি ৮০ লাখ, ভারত তিন কোটি ১১ লাখ, জাপান এক কোটি ৭২ লাখ এবং জাতিসংঘের অঙ্গসংস্থাগুলো ছয় কোটি ৬৬ লাখ ডলার দিয়েছে। আলোচ্য সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদেশি সহায়তার চার হাজার ৩০৯ কোটি টাকা ব্যয় করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা বরাদ্দের ২০ শতাংশ। চলতি অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। দেশজ উৎস থেকে ৩৩ হাজার ৫০০ কোটি টাকা আর বিদেশি সহায়তা হিসেবে ২১ হাজার ৫০০ কোটি টাকার সংস্থান রয়েছে। এডিপিতে মোট এক হাজার ৩৭টি প্রকল্প রয়েছে।