জুলাই-ফেব্রুয়ারিতে ৪৪ কোটি ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৪৩ কোটি ৭০ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ কোটি ৩৫ লাখ ডলার। চার বছর ধরে বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন ও অর্থছাড়ে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্পসমূহ পর্যালোচনা বৈঠকে গতকাল শনিবার এই মত প্রকাশ করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংক যৌথভাবে এই পর্যালোচনা করেছে। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে ৩৬টি বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে ৪৫০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বিশ্বব্যাংকের। গতকালের পর্যালোচনায় দেখা দেখা গেছে, এসব প্রকল্পের মধ্যে ১৩টি শেষ পর্যায়ে রয়েছে কিংবা বাস্তবায়নে শ্লথগতি রয়েছে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। বৈঠকে ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান বলেন, পর্যালোচনা চিত্র থেকে বোঝা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিন কিমস বলেন, বিশ্বব্যাংক মনে করে, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দ্রুত ও মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা উন্নয়নের প্রয়োজন রয়েছে। আজকের (গতকালের) বৈঠকে শ্লথগতির প্রকল্প বাস্তবায়নে কার্যকর সমাধানের পথ খোঁজা হয়েছে।