জুলাই মাসে আমদানির নতুন ঋণপত্র কমেছে
চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে পণ্য আমদানির জন্য নতুন ঋণপত্র খোলার পরিমাণ কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, এ বছর জুলাই মাসে ২৮৩ কোটি ৬২ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছে। আর গত বছর জুলাই মাসে খোলা হয়েছিল ৩১৭ কোটি ১৩ লাখ ডলারের ঋণপত্র। এর ফলে গত বছর জুলাই মাসের তুলনায় এ বছর জুলাই মাসে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ অর্থমূল্যে কমেছে ৯ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সময়ে খাতওয়ারি ঋণপত্র স্থাপনার তথ্য পর্যালোচনায় দেখা যায়, মূলধনী পণ্য, পেট্রোলিয়াম ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্রের মূল্য যথাক্রমে ২৯ দশমিক ৩৯, ২৬ দশমিক ৬৮ ও দশমিক ৬৩ শতাংশ কমে গেছে। তবে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে ৬১ দশমিক ৭২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, জুলাই মাসে ২৮৩ কোটি ৬৪ লাখ ডলারের ঋণপত্র নিষ্পত্তি করা হয়েছে। এটি গত বছরের জুলাই মাসের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ বেশি।