জুলাই মাসে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিকূল আবহাওয়ার প্রভাবে বৈশ্বিক খাদ্যের দাম জুলাই মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই তথ্য প্রকাশ করেছে।এতে দেখা যায় যে জুন মাসের তুলনায় জুলাই মাসে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়েছে ছয় শতাংশ হারে। জুন পর্যন্ত টানা তিন মাস বৈশ্বিক খাদ্যের দাম নিম্নমুখী ছিল।খাদ্যের দাম এতটা বেড়ে যাওয়ায় অনেকেই ২০০৭-২০০৮ সময়কালের সেই খাদ্য সংকটের পুনরাবৃত্তি হওয়ার আভাস পাচ্ছেন।ব্রাজিলে অসময়ে বৃষ্টি, যুক্তরাষ্ট্রে খরা এবং রাশিয়ায় উৎপাদন সমস্যার কারণে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়েছে বলে এফএও উল্লেখ করেছে।এফএও যে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক পরিমাপ করে, তার মধ্যে খাদ্যশস্য, তেলবীজ, দুগ্ধ, মাংস ও চিনি অন্তর্ভুক্ত আছে। প্রতি মাসেই এই সূচক প্রকাশ করা হয়।তবে জুলাই মাসের সূচক দাঁড়িয়েছে ২১৩ পয়েন্ট যা ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের খাদ্যের মূল্যসূচকের চেয়ে অনেক কম আছে। ওই সময়ে খাদ্যের মূল্যসূচক ছিল ২৩৮ পয়েন্ট যা স্মরণকালের সর্বোচ্চ হিসাবে পরিগণিত হয়। এদিকে খাদ্যের মূল্য বৃদ্ধির এই খবরে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষত, ইউরোপ ও আমেরিকা যখন মন্দা কাটাতে পারছে না, তখন এই পরিস্থিতি নতুন করে সংকট ডেকে আনবে কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্র: বিবিসি।