জুলাই মাসে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে

চলতি ২০১৩-১৪ অর্থবছরের শুরুর মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে জুন মাসের তুলনায় জুলাইয়ে মাসওয়ারি ভিত্তিতে কমে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৫ শতাংশ। জুনে এই হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। পুরোনো ভিত্তিবছর (১৯৯৫-৯৬) ধরেও মূল্যস্ফীতি কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করে। রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, উপমহাপরিচালক মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিবিএসে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় সূচকে মূল্যস্ফীতি কমেছে। জুলাইয়ে খাদ্যসূচকে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ। জুনে এই হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। আবার জুলাইয়ে খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪০ শতাংশ, জুনে এই হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।
আবার গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ বেশি। গত জুলাইয়ে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৬৪ শতাংশ। আর গ্রামে এই হার ৭ দশমিক ৪৩ শতাংশ।
পুরোনো ভিত্তিবছরের হিসাবেও খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় সূচকে মূল্যস্ফীতি কমেছে। জুলাইয়ে খাদ্যসূচকে মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে দশমিক ০৫ শতাংশ কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে। আর খাদ্যবহির্ভূত সূচকে আগের মাসের তুলনায় কমেছে দশমিক ৩৯ শতাংশ। জুলাইয়ে এই হার ৬ দশমিক ৫৮ শতাংশ।
বিবিএস আরও বলছে, মূল্যস্ফীতির তুলনায় মাসওয়ারি ভিত্তিতে মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিগত জুলাইয়ে জাতীয় মজুরি হার বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। আর জুনে এই বৃদ্ধির হার ছিল ১০ দশমিক ৯০ শতাংশ।
বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল জানান, বর্ষা মৌসুমে কৃষি খাতে মজুরি কম থাকে। এই সময়ে ধান কাটা হয় না। তাই মজুরি বৃদ্ধির হার কমেছে।
বিবিএস বলছে, মূলত চাল, আটা, মাছ, শাকসবজি, ফল, মসলা ও দুধের মূল্যবৃদ্ধিজনিত কারণে জুলাইয়ে খাদ্যসামগ্রীর মূল্যস্তরের ওপর কিছুটা চাপ তৈরি হয়েছে। আর একই সময়ের পরিধেয় বস্ত্রাধি, বাড়িভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালি, পরিবহন, শিক্ষা উপকরণ, অন্যান্য পণ্য ও সেবাসহ খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্তর কিছুটা বেড়েছে।