বাংলাদেশ থেকে অন্যান্য পণ্যের রপ্তানির পরিমাণ প্রতিবছর বাড়লেও ফলের রপ্তানি যেন উল্টো পথে চলছে। গেল বছরই ফল রপ্তানি বেশ কমে গিয়েছিল। আর চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি হয়েছে নামমাত্র পরিমাণ ফল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, জুলাই মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র এক লাখ ৬০ হাজার ডলারের ফল। গত বছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ১৯ লাখ ১০ হাজার ডলার। এক বছরে রপ্তানি কমেছে ৯১ দশমিক ৬২ শতাংশ। ইপিবি বলছে, জুলাই মাসে ফল রপ্তানির মতো ধস আর কোনো পণ্য রপ্তানিতে হয়নি। ফল ও সবজি রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ফলের একটি বড় অংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। ফরমালিন-আতঙ্কে এসব বাজারে ফল রপ্তানিতে এই নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। ইপিবি বলছে, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ফল রপ্তানি করে আয় হয় সাত কোটি ১৯ লাখ ডলার। গেল বছর তা কমে দাঁড়ায় ছয় কোটি ১৮ লাখ ডলারে। এক বছরে রপ্তানি কমে ১৩ দশমিক ৯৮ শতাংশ।