জুলাইতে মূল্যস্ফীতির হার কমেছে
জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই ধরনের মূল্যস্ফীতির হারই কিছুটা কমে যাওয়ায় সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল এই তথ্য প্রকাশ করেছে। বিবিএস একই সঙ্গে নতুন ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হারও প্রকাশ করেছে গতকাল। পাশাপাশি পুরোনো ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাবটিও তুলে ধরা হয়েছে।১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে জাতীয় পর্যায়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (আগের বছরের একই সময়ের তুলনায়) জুলাই মাসের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ০৩ শতাংশ। আর নতুন ভিত্তি বছর ২০০৫-০৬ অর্থবছরকে ধরে এই মূল্যস্ফীতির হার ৫ দশমিক ২১ শতাংশ।আবার পুরোনা ভিত্তি বছরে জুনে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। ২০০৫-০৬ ভিত্তি বছরে জুনে মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ।দুই ভিত্তি বছরে মূল্যস্ফীতির হারের পার্থক্যের বিষয়ে বিবিএস বলছে, নতুন ভিত্তি বছরে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্য তালিকায় নতুন পণ্য অন্তর্ভুক্ত করা ও কিছু পণ্য বাদ দেওয়ায় এমনটা হয়েছে। কারণ, দুই ভিত্তি বছরে প্রতিটি পণ্যের ভার বা গুরুত্বে (আইটেম ওয়েট) বেশ পার্থক্য রয়েছে। বিশেষ করে নতুন ভিত্তি বছরে চালের ভার বেশি ধরা হয়েছে। আর চালের দাম কমায় মূল্যস্ফীতিতে অনেক পার্থক্য দেখা যাচ্ছে।রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের কার্যালয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে জুলাই মাসের মূল্যস্ফীতির হার ঘোষণা করেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। সঙ্গে ছিলেন পরিচালক সত্যরঞ্জন মণ্ডল ও যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৫-৯৬ ভিত্তি বছরে খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৩০ শতাংশ ও ১১ দশমিক ৫৪ শতাংশ। আর ২০০৫-০৬ ভিত্তি বছরে এই দুটি উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ২৩ ও ৯ দশমিক ৯৪ শতাংশ।খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে ১৯৯৫-৯৬ ভিত্তি বছরে জুনে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৭ দশমিক ০৮ ও ১১ দশমিক ৭২ শতাংশ। আর ২০০৫-০৬ ভিত্তি বছরে এ দুটি উপখাতে মূল্যস্ফীতি হয় যথাক্রমে ২ দশমিক ৫৬ ও ১০ দশমিক ২০ শতাংশ।আবার ১৯৯৫-৯৬ ভিত্তি বছরে পল্লি এলাকায় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৭১ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত উপখাতে এটি যথাক্রমে ৫ দশমিক ৮৪ শতাংশ ও ১১ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে, ২০০৫-০৬ ভিত্তি বছরে গ্রামে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৮৪ শতাংশ। আর খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে এ হার যথাক্রমে ২ দশমিক ০৭ শতাংশ ও ১০ দশমিক ১৯ শতাংশ।শহরে ১৯৯৫-৯৬ ভিত্তি বছরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৩৬ শতাংশ ও ১০ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে, ২০০৫-০৬ ভিত্তি বছরে শহরে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৯২ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে এ হার ২ দশমিক ৬২ ও ৯ দশমিক ৫৯ শতাংশ।গোলাম মোস্তফা কামাল বলেন, জুনের তুলনায় জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ১ দশমিক ৭৬ শতাংশ ও দশমিক ৮৯ শতাংশ। চালসহ কিছু পণ্যের দাম কমা এবং ডাল, মাছ, সবজি, ভোজ্যতেল ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় বেড়েছে। একইভাবে কাপড়, বাড়িভাড়া, আসবাব ও চিকিৎসাসেবার মূল্য বাড়ায় খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি বেড়েছে।গোলাম মোস্তফা বলেন, ‘৬০ শতাংশের বেশি গ্রামীণ অর্থনীতি নিয়ে আমরা বাস করছি। আর এখানে চালের দাম একটু কমলেই মূল্যস্ফীতিতে বিশাল প্রভাব পড়ে।’সত্যরঞ্জন মণ্ডল বলেন, বর্তমানে মোট দেশজ উৎপাদনও (জিডিপি) ১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে নির্ধারণ করা হয়। চলতি অর্থবছর থেকে তাও ২০০৫-০৬ ভিত্তি বছর ধরে ঠিক করা হবে।আবুল কালাম আজাদ বলেন, ১৯৬৯-৭০ অর্থবছরকে ভিত্তি বছর ধরেই এখনো মজুরি হার নির্ধারণ করা হয়। শিগগিরই ২০০৫-০৬ ভিত্তি বছরে মজুরি হার নির্ধারণ করা হবে।