জুলাইতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে
চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার আগের মাসের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুসারে, জুলাই মাসে (পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে) মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। আর জুন মাসে এই হার ছিল ৮ দশমিক ৭০ শতাংশ।পরিসংখ্যান পর্যালোচনায় অবশ্য আরও দেখা যায়, গত বছরের জুলাই মাসের তুলনায় এ বছরের জুলাই মাসে মূল্যস্ফীতির হার দ্বিগুণের বেশি হয়েছে। ২০০৯ সালের জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল প্রায় সাড়ে তিন শতাংশ।আবার এ বছরের জুলাই মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ, যা জুন মাসে ছিল ১০ দশমিক ৮৮ শতাংশ। আবার জুলাই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৪ দশমিক ৮৭ শতাংশে, যা জুন মাসে ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। সামগ্রিক জাতীয় মূল্যস্ফীতি হ্রাস পাওয়ার পাশাপাশি শহর ও গ্রামেও মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে খানিকটা কমেছে বলে বিবিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়। জুলাই মাসে শহর ও গ্রামে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৭ দশমিক ৪৫ শতাংশ ও ৬ দশমিক ৭৯ শতাংশ। এতে অবশ্য প্রতীয়মান হয়, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির চাপ কিছুটা বেশি।বিবিএসের হিসাব অনুসারে, ২০০৯-১০ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৩১ শতাংশে। সরকার অবশ্য মূল্যস্ফীতির বার্ষিক গড় হার সাড়ে ছয় শতাংশের মধ্যে সীমিত রাখার আশাবাদ ব্যক্ত করেছিল। আবার ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। তবে তার আগের বছর অর্থাৎ ২০০৭-০৮ অর্থবছরে এই হার ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ।