জুলাইতে যুক্তরাষ্ট্রে দেড় লাখ কর্মসংস্থান হয়েছে
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে এক লাখ ৬৩ হাজার লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও এ মাসে দেশটিতে বেকারত্বের হার সামান্য বেড়ে ৮ দশমিক ৩০ শতাংশে উন্নীত হয়েছে।তবে গত মাসের এই বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টিকে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকেরা। কেননা, গত জুন মাসে মাত্র ৬৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পর গত জুলাই মাসে সর্বোচ্চ এক লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে অর্থনীতিবিদেরা পূর্বাভাস দিয়েছিলেন।গত মাসে কর্মসংস্থানের এই উচ্চ সংখ্যা থেকে এটাও প্রতীয়মান হয় যে যুক্তরাষ্ট্র মন্দার মধ্যে পতিত হয়নি। টানা ৪২ মাস ধরে দেশটিতে বেকারত্বের হার ৮ শতাংশের ওপরে রয়ে গেছে।কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বড় ধরনের চাপের মুখে রয়েছেন। আগামী নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই তিনি প্রতিপক্ষ রিপাবলিকানদের আক্রমণের মুখে পড়েছেন। তবে গত মাসের কর্মসংস্থানের পরিসংখ্যান ওবামার জন্য একটি স্বস্তি বয়ে এনেছে বলেই মন্তব্য করেন বিশ্লেষকেরা।আইএইচএস গ্লোবাল ইনসাইটের অর্থনীতিবিদ নিজেল গাল্ট বলেন, ‘শেষ পর্যন্ত আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে কিছু ভালো খবর পেলাম।’ সূত্র: বিবিসি।