জুলাইয়ে প্রবাসী-আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স বা প্রবাসী-আয় কিছুটা নিম্নমুখী হয়ে পড়েছে। এই মাসে দেশে প্রায় ১৩৯ কোটি মার্কিন ডলারের প্রবাসী-আয় এসেছে, যা এর আগের মাস জুনের চেয়ে প্রায় পাঁচ কোটি ডলার কম। আর গত বছরের জুলাই মাসের সঙ্গে তুলনা করলে তা ১০ কোটি ডলার কম।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের জুনে প্রায় ১৪৪ কোটি ডলার এবং গত বছরের জুলাইয়ে প্রায় ১৪৯ কোটি ডলারের প্রবাসী-আয় দেশে এসেছিল।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাই মাসেও সর্বোচ্চ পরিমাণ প্রবাসী-আয় দেশে এনেছে ইসলামী ব্যাংক। এককভাবে ব্যাংকটির মাধ্যমে ৩৬ কোটি ডলারের প্রবাসী-আয় এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ডলারের প্রবাসী-আয় এসেছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের মাধ্যমে। আর তৃতীয় সর্বাধিক প্রায় সাড়ে ১২ কোটি ডলার এনেছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক। পপ্রবাসী-আয় আনার ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে জনতা ব্যাংক। রাষ্ট্রমালিকানাধীন এ ব্যাংকটির মাধ্যমে এসেছে প্রায় ১২ কোটি ডলার। এর বাইরে সরকারি-বেসরকারি আর কোনো ব্যাংকই ১০ কোটি ডলারের বেশি প্রবাস-আয় আনতে পারেনি।
জুলাই মাসের মোট প্রবাসী-আয়ের মধ্যে বেসরকারি ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ডলার। রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক এনেছে প্রায় সাড়ে ৪১ কোটি ডলার। বিশেষায়িত চার ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় পৌনে দুই কোটি ডলার, আর বিদেশি মালিকানাধীন নয়টি ব্যাংকের মাধ্যমে এসেছে দেড় কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, গত ২০১৪-১৫ অর্থবছরে দেশে ১ হাজার ৫৩২ কোটি ডলারের রেকর্ড পরিমাণ প্রবাসী-আয় দেশে এসেছে।