জুলাইয়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ৪৪ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গত মাসে হঠাৎ করে সরাসরি বিদেশি বিনিয়োগ কমে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, জুলাই মাস শেষে ডিএসইতে বিদেশি বিনিয়োগ এসেছে ১৮৮ কোটি ৫৪ লাখ টাকা। জুন মাসে যার পরিমাণ ছিল প্রায় ৩৩৭ কোটি টাকা। সেই হিসাবে, জুন মাসের চেয়ে জুলাইয়ে এসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে ১৪৮ কোটি টাকা বা ৪৪ শতাংশ।
ডিএসই সূত্র জানিয়েছে, গত মাসে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ২৫৭ কোটি টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৬৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা। ওই সময় বিদেশি বিনিয়োগকারীরা প্রায় এক হাজার ৪৯৮ কোটি টাকার শেয়ার কিনেছেন; আর বিক্রি করেছেন প্রায় ৩৯৮ কোটি টাকার সমমূল্যের শেয়ার।
বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন এমন কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগ কিছুটা কমে গেছে। বিনিয়োগ কমলেও এরই মধ্যে তাঁরা বাজারে যে বিনিয়োগ করেছেন, তা তুলে নেওয়ার খুব বেশি চাপ নেই। এটি বাজারের জন্য ইতিবাচক।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে অনেকগুলো বিষয় বিবেচনায় নেন। তাঁরা সাধারণত দীর্ঘ মেয়াদেই বিনিয়োগ করে থাকেন।
এদিকে সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে বলা হয়, বিদেশি বিনিয়োগের উপযুক্ত কোম্পানি বা শেয়ারের সংখ্যা কম। তাই সম্ভাবনার পরও বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিতমাত্রায় বাড়ছে না।