জুলাইয়ে কমেছে রপ্তানি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম মাসে ২৫৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা গেল বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪৯ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের জুলাইয়ে ২৬২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে আয় হয় ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে ৩ হাজার ৭০০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জুলাইয়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৩৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এ সময়ে লক্ষ্যমাত্রার প্রায় ২৫ শতাংশ কম আয় হয়েছে। চলতি বছরের জুনে দেশে ৩৫৮ কোটি ডলারের রপ্তানি আয় হয়।

সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাত থেকে আয় হয়েছে ২১১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। তবে তা গেল বছরের একই সময়ের চেয়ে ১০ কোটি ডলার ও লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ৬০ শতাংশ কম।

চলতি অর্থবছরের জুলাইয়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় পাট ও পাটজাত দ্রব্য, কার্পেট জাতীয় দ্রব্যে রপ্তানি আয় বেড়েছে। তবে বেশিরভাগ খাতে রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে।

এ বিষয়ে জানতে চাইলে, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কয়েক মাস ধরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির যে ধারা, সে হিসেবে জুলাইয়ের এ পরিসংখ্যান কিছুটা বিপরীতমুখী। তবে এ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা যেমন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা, ইইউ থেকে যুক্তরাজ্যের সরে আসার সিদ্ধান্তের তেমন প্রভাব নেই। তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ে ঈদের কারণে অনেক শিপমেন্ট অর্ডার আগের মাসে হয়ে যায়। তাই জুনে রপ্তানির ক্ষেত্রে একটি ভালো প্রবৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। ঈদের কারণে ‘আরলি শিপমেন্টের’ কারণে রপ্তানি কমে যাওয়ার একটা কারণ হতে পারে। এ ছাড়া আরেকটি কারণ হতে পারে বৈশ্বিক চাহিদার ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধি না থাকা। বেশ কিছুদিন ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। যার কিছুটা প্রভাব বাংলাদেশের রপ্তানিতে পড়েছে।

তবে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী জানান, জুনে বেশ ভালো প্রবৃদ্ধির পর জুলাইতে রপ্তানি কমে যাওয়ার বিষয়টি বেশ অস্বাভাবিক। গেল প্রায় দুই বছর ধরেই ইইউ থেকে যুক্তরাজ্য সরে আসবে বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। এ বিষয়টি রপ্তানি আয় কমানোর পেছনে কাজ করেছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ব্রেক্সিটের বিষয়টি জুনের গণভোটে চূড়ান্ত হয়। যার প্রভাব জুলাইয়ে দেশের রপ্তানি আয়ে পড়েছে। এ ছাড়া তৈরি পোশাক খাত মৌসুমি পণ্য। কখনও রপ্তানি বেশি হয়, কখনও কমে। তবে অর্থবছর শেষে রপ্তানিতে ইতিবাচক ধারা থাকবে বলেই মনে করেন তিনি।