জুলাইয়ে কারখানা পরিদর্শন শেষ করবে অ্যালায়েন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জুলাইয়ের মধ্যে ৬৮৬টি পোশাক কারখানা পরিদর্শনকাজ শেষ করবে অস্ট্রেলিয়া, কানাডা ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি।
বাংলাদেশে লিয়াজোঁ অফিস উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি ক্রিলা। রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল সোমবার বিকেলে এ সংবাদ সম্মেলনটি হয়।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, শ্রমসচিব মিকাইল শিপার, ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহাম্মেদ খান, আইএলওর এদেশীয় পরিচালক বাকি শ্রীনিবাস রেড্ডি, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম ও অ্যালায়েন্সের ঢাকা কার্যালয়ের এমডি মেসবাহ রবিন এ সময় উপস্থিত ছিলেন।

মেসবাহ রবিন বলেন, চলতি মাসের মধ্যেই একটি সমন্বিত কারখানা পরিদর্শন নীতিমালা তৈরি করা হবে। কিছু ব্র্যান্ড ইতিমধ্যে নিজেদের উদ্যোগে বিভিন্ন কারখানা পরিদর্শন করছে। কতটা মান অনুসরণ করে সেগুলো করা হয়েছে, তা যাচাই-বাছাই করে দেখা হবে। সন্তোষজনক হলে নতুন করে পরিদর্শন করা হবে না।